পয়লা বৈশাখ উদযাপনে যেসব সিদ্ধান্ত নিয়েছে সরকার

- সর্বশেষ আপডেট ০৪:৫১:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / 176
নববর্ষকে ঘিরে শোভাযাত্রা, সাংস্কৃতিক আয়োজন ও নিরাপত্তা নিশ্চিত করতে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে সরকার। লক্ষ্য, উৎসবকে সুশৃঙ্খল ও সবার জন্য উন্মুক্ত রাখা।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নেতাই রায় চৌধুরী। বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনায় এবারের নববর্ষের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুদ্ধার।
প্রতিবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে শোভাযাত্রা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। এর সঙ্গে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরো আয়োজন ঘিরে নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
রমনার বটমূলে ছায়ানটের আয়োজনও আগের মতোই থাকবে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে সরকারি ও বেসরকারি টেলিভিশন এবং বেতারে। বেসরকারি চ্যানেলগুলো বিটিভির ফিড ব্যবহার করবে।
শিল্পকলা একাডেমিসহ অন্যান্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান নিজেদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি হাতে নেবে। শুধু রাজধানী নয়, জেলা ও উপজেলা পর্যায়েও নববর্ষ উদযাপনে কর্মসূচি আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। এতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সাংস্কৃতিক সংগঠনগুলোকেও যুক্ত করা হবে।
সভায় নববর্ষকে বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও সাংস্কৃতিক ঐক্যের প্রতীক হিসেবে উদযাপনের ওপর জোর দেওয়া হয়। সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
সভায় আরও বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, চারুকলার ডিন অধ্যাপক আজহারুল ইসলাম শেখ, ছায়ানট প্রতিনিধি কাওসার হাসান টগর, শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনসহ সংশ্লিষ্টরা। মোট প্রায় ৬০ জন প্রতিনিধি সরাসরি ও অনলাইনে অংশ নেন।































