ভারতে বাংলাদেশি সন্দেহে নারী-শিশুসহ আটক ১২৪

- সর্বশেষ আপডেট ০৪:০১:১০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / 93
ভারতের কর্নাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে বিশেষ অভিযানে বাংলাদেশি সন্দেহে নারী ও শিশুসহ ১২৪ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ৪৮ জন পুরুষ, ৪২ জন নারী এবং ৩৪ জন শিশু রয়েছে।
রোববার (৮ মার্চ) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বেঙ্গালুরু সিটি পুলিশ জানায়, শুক্রবার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ২০০ জন বিদেশি নাগরিককে আটক করা হয়। এর মধ্যে ১২৪ জনকে বাংলাদেশি সন্দেহে শনাক্ত করা হয়েছে বলে দাবি পুলিশের।
পুলিশের তথ্যমতে, আটক ব্যক্তিরা গত কয়েক বছর ধরে কাদুগোডি ও ভার্থুর থানার আওতাধীন এলাকায় অস্থায়ী ঘরবাড়ি তৈরি করে বসবাস করছিলেন। বেঙ্গালুরু পুলিশ কমিশনার সীমান্ত কুমার সিংয়ের নির্দেশে কেন্দ্রীয় অপরাধ শাখা (সিসিবি)–এর চারটি দল এই অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় আটক ব্যক্তিদের কারও কাছেই ভারতে প্রবেশ বা সেখানে থাকার বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তবে তারা বাংলাদেশি—এমন কোনো নথিও উদ্ধার করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
আটক ব্যক্তিদের বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে এবং সম্ভাব্যভাবে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করতে বিদেশি আঞ্চলিক নিবন্ধন দপ্তরে (এফআরআরও) একটি প্রতিবেদন পাঠানো হয়েছে।
পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, কমিশনারের নির্দেশে গত কয়েক দিন ধরে শহরের বিভিন্ন এলাকায় অবৈধ বিদেশি নাগরিকদের শনাক্ত করতে বিশেষ অভিযান চলছে। এ কাজে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, গ্রেটার বেঙ্গালুরু কর্তৃপক্ষ এবং সমাজকল্যাণ বিভাগও সহায়তা করছে।
বেঙ্গালুরু সিটি পুলিশ জানিয়েছে, অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের শনাক্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


































