ই হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- সর্বশেষ আপডেট ০৫:২৩:০৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / 208
জনগণের চিকিৎসাসেবা সহজ করতে ই হেলথ কার্ড চালুর কাজ দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বুধবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্য খাতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী প্রতিমন্ত্রী উপদেষ্টা এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সরকারের অগ্রাধিকার। সেই লক্ষ্যেই ই হেলথ কার্ড চালুর প্রস্তুতি নিতে স্বাস্থ্যমন্ত্রীকে বলা হয়েছে। মন্ত্রণালয়কে আরও সক্রিয় ও সমন্বিতভাবে কাজ করার তাগিদও দেন প্রধানমন্ত্রী।
আলোচনায় সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবনগুলো চিহ্নিত করে সেগুলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এনে ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রস্তাব উঠে আসে।
জানানো হয় শুধু এলজিইডিরই প্রায় ১৭০টি পরিত্যক্ত ভবন রয়েছে। এসব অবকাঠামো জনস্বার্থে কাজে লাগাতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান।
বৈঠকে দেশের জনসংখ্যা বৃদ্ধির বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর প্রায় ৩৪ লাখ নবজাতকের জন্ম হচ্ছে। এ পরিস্থিতিতে জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। এর মধ্যে ৮০ শতাংশ নারী এবং ২০ শতাংশ পুরুষ নিয়োগের কথা রয়েছে। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের শূন্য পদে চিকিৎসক ও অন্যান্য কর্মী নিয়োগ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়টিও গুরুত্ব পায়।
দুর্গম এলাকার স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতেও স্বাস্থ্যমন্ত্রীকে বিশেষভাবে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো সাখাওয়াত হোসেন প্রতিমন্ত্রী এম এ মুহিতসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


































