১৬ বছরেই এনআইডি নিবন্ধনের সুযোগ

- সর্বশেষ আপডেট ০৫:৩৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / 232
এখন থেকে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে আবেদন করতে পারবে ১৬ ও ১৭ বছর বয়সী নাগরিকরা। বয়স ১৮ হলেই স্বয়ংক্রিয়ভাবে তাদের নাম ভোটার তালিকায় যুক্ত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
রোববার (২২ ফেব্রুয়ারি) এক পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে জারি করা ওই নির্দেশনায় বলা হয়, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত)–এর ধারা ৫ অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, আবেদনের তারিখে যেসব বাংলাদেশি নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে, তারা এনআইডির জন্য নিবন্ধন আবেদন করতে পারবেন। তবে ভোটার হিসেবে অন্তর্ভুক্তি কার্যকর হবে ১৮ বছর পূর্ণ হওয়ার পর।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত পরিপত্রে বিষয়টি সংশ্লিষ্ট আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের জানানো হয়েছে। একই সঙ্গে নির্দেশনাটি দ্রুত কার্যকর করার কথা বলা হয়েছে।































