বাংলাদেশে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না চীন

- সর্বশেষ আপডেট ০৫:২৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / 223
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বেইজিং প্রত্যাশা করে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
রোববার পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
ইয়াও ওয়েন বলেন, চীন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন করে। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে বেইজিং দ্বিপাক্ষিক কাঠামোকেই গুরুত্ব দেয় এবং এ ক্ষেত্রে বাইরের কোনো শক্তির সম্পৃক্ততা প্রত্যাশা করে না।
বৈঠকে তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত জানান, বিষয়টি নিয়ে কথা হয়েছে এবং এ ব্যাপারে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে চীন।
এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সম্ভাব্য চীন সফর নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, অতীতে যেভাবে উচ্চপর্যায়ের সফর হয়েছে, ভবিষ্যতেও তেমন সফরের ধারাবাহিকতা বজায় থাকবে বলে তারা আশা করছেন।































