পরামর্শ নিয়েই শিক্ষা খাতে পরিবর্তন আনবে সরকার: ববি হাজ্জাজ

- সর্বশেষ আপডেট ০৭:২৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
- / 307
শিক্ষা খাতে যেকোনো সংস্কার সবার সঙ্গে আলোচনা করেই করা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, শুধু আইন প্রণয়ন করলেই বাস্তবায়ন নিশ্চিত করা যায় না।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর ঢাকা-১৩ আসনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দেশে দেড় লাখের বেশি স্কুল-কলেজ রয়েছে। এত বিপুলসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানকে একযোগে নিয়ন্ত্রণ করা কেবল আইন দিয়ে সম্ভব নয়। তাই যেকোনো পরিবর্তনের আগে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়া হবে।
পুনঃভর্তি ফি কমানোর বিষয়ে তিনি জানান, দায়িত্ব নেওয়ার মাত্র দুই দিন হয়েছে। আগের সিদ্ধান্তে তাৎক্ষণিক হস্তক্ষেপ করা হবে না। তবে আগামী অর্থবছর থেকে নতুন নীতিমালা কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। হঠাৎ করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট করেন।
মাধ্যমিক স্তর পর্যন্ত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা অমান্যের অভিযোগ সম্পর্কে ববি হাজ্জাজ বলেন, এ বিষয়ে কিছু প্রতিবেদন পাওয়া গেছে। মন্ত্রণালয়ে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, দরকার হলে নতুন সিদ্ধান্ত আসবে।
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন গ্রেড বৈষম্য প্রসঙ্গে তিনি জানান, শিক্ষকদের প্রতিনিধিদের সঙ্গে ইতোমধ্যে বৈঠক হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এহসানুল হক মিলন-এর সঙ্গে আলোচনা করে তাদের দাবি শোনা হয়েছে। আগামী সপ্তাহে আরও বৃহত্তর পরিসরে বৈঠক হবে এবং দীর্ঘমেয়াদি সমাধানের দিকে এগোনোর চেষ্টা করা হবে।
নিজের প্রথম নির্বাচনী জয় নিয়ে প্রতিমন্ত্রী বলেন, এটিই তার প্রথম আনুষ্ঠানিক বিজয়। জনগণের সমর্থন ও আস্থার জন্য তিনি কৃতজ্ঞতা জানান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতিও ধন্যবাদ প্রকাশ করেন।
এ সময় তিনি জানান, নানক চত্বরের নাম পরিবর্তন করে শহীদ ফারহান ফাইয়াজ চত্বর করা হবে। জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট এবং শহীদ ফারহানের পরিবারের সম্মতিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা-১৩ আসনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, মোহাম্মদপুর থানা, আদাবর থানা ও শেরেবাংলা নগর থানা পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। রমজান মাসে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিশনার কার্যালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। বাজার তদারকিতেও ম্যাজিস্ট্রেট কার্যালয়ের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। জনগণের দেওয়া দায়িত্বকে তিনি আমানত হিসেবে দেখছেন বলে মন্তব্য করেন।

































