উষ্ণ হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক
দিল্লিতে ভিসা কার্যক্রম পুনরায় শুরু

- সর্বশেষ আপডেট ০৭:১৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
- / 256
প্রায় দুই মাস বন্ধ থাকার পর নয়াদিল্লিতে বাংলাদেশের ভিসা কার্যক্রম আবার চালু হয়েছে। কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে স্থগিত থাকা এ সেবা পুনরায় শুরু হওয়াকে দুই দেশের সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন শুক্রবার থেকে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা দেওয়া পুনরায় শুরু করেছে।
গত ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুকে ঘিরে সৃষ্ট উত্তেজনার জেরে দুই দেশই পারস্পরিক ভিসা কার্যক্রম স্থগিত করেছিল। বিষয়টি প্রথমে জানায় ইন্ডিয়া টুডে ।
সাম্প্রতিক জাতীয় নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় এবং নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই কূটনৈতিক সম্পর্কের বরফ গলতে শুরু করে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ ফল ঘোষণার আগেই ১৩ ফেব্রুয়ারি এক বিবৃতিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-কে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পরে ফলাফল ঘোষণার দিন বিকালে দুই প্রধানমন্ত্রীর মধ্যে টেলিফোনে কথা হয়। এ সময় মোদি তাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভবিষ্যৎ কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।
এদিকে বৃহস্পতিবার ভারত সরকারও জানিয়েছে, তারা শিগগিরই বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা সেবা পুনরায় চালু করবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, ভিসা কার্যক্রম স্বাভাবিক হওয়া দুই দেশের অর্থনীতি, চিকিৎসা, শিক্ষা ও পর্যটন খাতে ইতিবাচক প্রভাব ফেলবে।





































