শিক্ষাখাতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স: শিক্ষামন্ত্রী

- সর্বশেষ আপডেট ০৩:৪৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
- / 167
নতুন দায়িত্ব নেওয়ার পরই শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ও স্বচ্ছতা ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। প্রশাসনিক দুর্নীতি, তদবির ও ভর্তি বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি একাধিক সংস্কার পরিকল্পনার ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, শিক্ষা খাতে কোনো ধরনের দুর্নীতি বা প্রভাব খাটানোর সুযোগ রাখা হবে না। অতীতে বিভিন্ন প্রকল্পের নামে যেসব অনিয়ম ও অর্থ অপচয় হয়েছে, সেগুলোর সঙ্গে জড়িতদেরও ছাড় দেওয়া হবে না।
তিনি জানান, পরীক্ষা বন্ধ করে দেওয়া বা অটোপাসের মতো পরিস্থিতি থেকে বেরিয়ে এসে শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী ও কার্যকর কাঠামোয় পুনর্গঠন করা হবে। শিক্ষকদের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দাবি-দাওয়া আদায়ে রাজপথে নামার প্রয়োজন হবে না; আলোচনার মাধ্যমেই সমাধান করা হবে।
ভর্তি বাণিজ্য বন্ধে প্রযুক্তিনির্ভর উদ্যোগের কথাও জানান মন্ত্রী। তার ভাষ্য অনুযায়ী, শিক্ষার্থীরা যাতে কোনো তদবির ছাড়াই নির্ধারিত নিয়মে ভর্তি হতে পারে, সে জন্য একটি বিশেষ অ্যাপ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।
নতুন শিক্ষাপ্রতিষ্ঠান অনুমোদনের ক্ষেত্রেও কড়াকড়ির ইঙ্গিত দেন তিনি। যথাযথ অনুমতি, নিরাপত্তা ব্যবস্থা এবং অগ্নিনির্বাপণ সুবিধা নিশ্চিত না হলে কোনো স্কুল চালু করতে দেওয়া হবে না। বাসা বা গ্যারেজভিত্তিক অননুমোদিত শিক্ষা কার্যক্রমও বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া ইংরেজি মাধ্যম স্কুলগুলোকে শিক্ষা মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে আনার বিষয়েও কাজ চলছে বলে জানান শিক্ষামন্ত্রী।


































