টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় যারা

- সর্বশেষ আপডেট ০৮:৫৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 354
ত্রয়োদশ জাতীয় সংসদ গঠনের পর নতুন মন্ত্রিসভা নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে টেকনোক্র্যাট কোটায় কারা মন্ত্রিসভায় স্থান পেয়েছেন, তা নিয়ে আগ্রহ লক্ষ করা যাচ্ছে।
৪৯ সদস্যের নতুন মন্ত্রিসভায় রয়েছেন ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। এর মধ্যে টেকনোক্র্যাট কোটায় নিয়োগ পেয়েছেন দুজন পূর্ণ মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী। পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন হাজী আমিনুর রশীদ ইয়াছিন ও ড. খলিলুর রহমান। আর প্রতিমন্ত্রী হয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।
হাজী আমিনুর রশীদ ইয়াছিন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুমিল্লা-৬ সদর আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিলেও দলীয় মনোনয়ন পাননি। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার উদ্যোগ নিলেও গত ১৯ জানুয়ারি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এর আগে ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে কুমিল্লা-৬ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয় পাননি।
ড. খলিলুর রহমান অন্তর্বর্তীকালীন সরকারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ১৯ নভেম্বর তিনি প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকারভিত্তিক বিষয়সমূহে হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ পান। পরে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন এবং ১৯৭৯ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন।
অন্যদিকে আমিনুল হক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক হিসেবে পরিচিত। তিনি ঢাকা-১৬ আসন থেকে জাতীয় নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। দেশে নির্বাচনে পরাজিত হয়ে বা টেকনোক্র্যাট কোটায় সাবেক ক্রীড়াবিদের মন্ত্রী হওয়ার নজির খুব বেশি নেই। স্বাধীনতার পর সাবেক তারকা ফুটবলার মেজর হাফিজ প্রথমবারের মতো মন্ত্রিসভায় স্থান পান। পরে সাবেক জাতীয় ফুটবলার আরিফ খান জয় ক্রীড়া উপমন্ত্রী হন। সেই ধারাবাহিকতায় আমিনুল হক তৃতীয় সাবেক জাতীয় ফুটবলার হিসেবে মন্ত্রিসভায় যুক্ত হওয়ায় রাজনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে।
টেকনোক্র্যাট মন্ত্রী বলতে সাধারণত এমন ব্যক্তিকে বোঝানো হয়, যিনি সরাসরি নির্বাচনে সংসদ সদস্য না হয়েও বিশেষ পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা বা নীতিনির্ধারণী সক্ষমতার ভিত্তিতে প্রধানমন্ত্রীর সুপারিশে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন।


































