রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের বিরল ইতিহাস

- সর্বশেষ আপডেট ০৫:৩৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 878

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও তার মন্ত্রীদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। ছবি: বিটিভি’র ভিডিও থেকে
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে রাষ্ট্রপতির ভূমিকা সাধারণত আনুষ্ঠানিক। সংবিধান অনুযায়ী তিনি প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করান, রাষ্ট্রের ধারাবাহিকতা নিশ্চিত করেন।
বাইরে থেকে এটি আনুষ্ঠানিক মনে হলেও, বাস্তবে এটি ক্ষমতার বৈধ হস্তান্তরের সাংবিধানিক সিলমোহর। আর এই দায়িত্ব পালন করতে গিয়েই ইতিহাসে আলাদা জায়গা করে নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
মাত্র তিন বছরের ব্যবধানে তিনটি ভিন্ন সরকারের শপথ পাঠ করিয়েছেন মোহাম্মদ সাহাবুদ্দিন।
২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি সাহাবুদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। তিনি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের স্থলাভিসিক্ত হন।
দায়িত্ব গ্রহণের ১১ মাস পর ২০২৪ সালের ১১ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে দ্বাদশ সংসদের মন্ত্রিসভা শপথ পাঠ করান মোহাম্মদ সাহাবুদ্দিন। এটি ছিল নিয়মিত সাংবিধানিক প্রক্রিয়ার অংশ। তবে খুব অল্প সময়ের মধ্যেই দেশের রাজনৈতিক বাস্তবতা বদলে যায়। সে সরকার মাত্র ৭ মাসের কম সময় স্থায়ী হয়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীণ সরকারের পতন ঘটে।
আর তখনই রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের দ্বিতীয় অধ্যায় শুরু হয় অন্তর্বর্তী সরকারের সদস্যদের শপথের মধ্য দিয়ে। রাজনৈতিক অস্থিরতা, নির্বাচন-পরবর্তী বিতর্ক এবং প্রশাসনিক পুনর্বিন্যাসের প্রেক্ষাপটে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ২০২৪ সালের ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীণ উপদেষ্টা পরিষদের সদস্যদের শপথ পাঠ করান তিনি।
অর্থাৎ তিনি শুধু একটি নির্বাচিত দলীয় সরকারের নয়, বরং একটি পরিবর্তনকালীন প্রশাসনিক কাঠামোকেও সাংবিধানিক বৈধতা দেন। এই মুহুর্তটি ছিল অত্যন্ত স্পর্শকাতর-কারণ অন্তর্বর্তী সরকার মানেই ক্ষমতার রূপান্তরের সেতুবন্ধন। প্রায় ১৮ মাস দায়িত্ব পালন করে ইউনূস প্রশাসন।
তৃতীয় অধ্যায়- বিএনপির নেতৃত্বাধীন সরকার। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ভূমিধস বিজয় অর্জন করে। আজ বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির নেতৃত্বাধীণ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ পাঠ করান মোহাম্মদ সাহাবুদ্দিন।
অর্থাৎ একদা ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের শপথ, পরে অন্তর্বর্তী সরকারের শপথ, এবং সর্বশেষ বিএনপি নেতৃত্বাধীন সরকারের শপথ- সবই একই রাষ্ট্রপতির হাত দিয়ে সম্পন্ন হয়েছে।
স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় রাষ্ট্রপতিরা দলীয়, সামরিক, তত্ত্বাবধায়ক ও নির্বাচিত- সব ধরনের সরকারের মন্ত্রীদের শপথ পড়িয়েছেন। তবে ১৯৯১ সালে দেশ সংসদীয় শাসনব্যবস্থায় ফেরার পর থেকে রাষ্ট্রপতির ভূমিকা সম্পূর্ণ সাংবিধানিক আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থেকেছে।
১৯৯১ সালে সংসদীয় শাসনে ফেরার পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ পড়ান।

১৯৯৬ সালে রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস একই বছরে দুটি ভিন্ন নির্বাচনের পর দুই সরকারকে শপথ পড়ান। আবার দীর্ঘ সময় ধরে রাষ্ট্রপতি আবদুল হামিদ টানা দুটি নির্বাচনের পর একই রাজনৈতিক ধারার সরকারকে শপথ পাঠ করান।
এর আগে ১৯৭২ সালের ১২ জানুয়ারি রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ও তার মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান। ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সরকারের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ও তার মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদুল্লাহ।
১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সংবিধান সংশোধনের পর শেখ মুজিব রাষ্ট্রপতি হন এবং নিজেই মন্ত্রিসভা গঠন করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরবর্তী খন্দকার মোশতাক আহমেদ নিজেই রাষ্ট্রপতি হয়ে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান।
১৯৭৯ সালের নির্বাচনের পর প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান-এর মন্ত্রিসভাকে শপথ পড়ান রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ১৯৮৬ সালে প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরীর শপথ পাঠ করান রাষ্ট্রপতি এইচ এম এরশাদ। ১৯৮৮ সালের নির্বাচনের পর নিজ দলীয় সরকারের মন্ত্রীদের শপথও পড়ান এরশাদ।
কিন্তু মোহাম্মদ সাহাবুদ্দিনের ক্ষেত্রে বিষয়টি একেরারেই আলাদা। এখানে কেবল ভিন্ন মেয়াদ নয়, ভিন্ন রাজনৈতিক বাস্তবতা। একদিকে একটি দলীয় সরকার, অন্যদিকে অন্তর্বর্তী কাঠামো, এবং শেষে সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক শক্তির সরকার- এই তিন অধ্যায় তিন বছরে সম্পন্ন হওয়া সত্যিই বিরল।



































