ডা. শফিকুর রহমান বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘গতকাল থেকে আপনি সব গুজব পরাজিত করেছেন এবং ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা প্রতিরোধ করেছেন। আজ সকাল থেকেই উৎসবের মতো ভোট দিয়েছেন, ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর হয়ে।’
তবে দেশের বিভিন্ন স্থানে অনিয়মের অভিযোগ তুলে তিনি উদ্বেগ প্রকাশ করেন। তাঁর দাবি, কিছু স্থানে জাল ভোট দেওয়ার চেষ্টা, পোলিং এজেন্টদের ওপর হামলা, নারীদের হেনস্তা এবং কেন্দ্র দখলের অপচেষ্টা চালানো হচ্ছে।
ডা. শফিকুর রহমান ভোটারদের বলছেন, যেভাবে ভোট চুরি প্রতিরোধ করেছেন, সেভাবেই ফলাফল ঘোষণা পর্যন্ত ভোটকে রক্ষা করুন। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান এবং ভোটকেন্দ্রগুলোর পাহারাদার হওয়ারও পরামর্শ দেন।
আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন পরিবেশ বজায় রাখতে তারা আন্তরিকভাবে কাজ করছেন, তবে কোথাও কেন্দ্র দখল বা ব্যালট ছিনতাইয়ের চেষ্টা দেখা দিলে তা কঠোরভাবে দমন করতে হবে। তিনি ভোটের আমানত রক্ষা করতে জনগণের পাশে থাকারও আহ্বান জানান।