জয়ের আগাম ঘোষণা নয় : জামায়াত আমির

- সর্বশেষ আপডেট ০৩:৫৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / 231

বৃহস্পতিবার সকালে রাজধানী মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) কেন্দ্রে ভোট দিয়ে তিনি বলেন, “আমরা জনগণের সরকার গঠনের ব্যাপারে আশাবাদী।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কোনো নির্দিষ্ট সংখ্যক আসনে জয়ের আগাম ঘোষণা দিতে রাজি নন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ভোটারদের স্বাধীন সিদ্ধান্তের ওপর পূর্ণ আস্থা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে ঢাকা-১৫ আসনের নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন জামায়াত আমির।
তিনি বলেন, নির্দিষ্ট সংখ্যক আসন নিয়ে আগাম মন্তব্য করা হলে তা ভোটারদের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে। জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে—এই বিশ্বাস থেকেই দল এমন অবস্থান নিয়েছে।
নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে তিনি বলেন, ভোটের দিন শুরুতে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও পরে কিছু স্থানে বিশৃঙ্খলার ঘটনা লক্ষ্য করা গেছে।
ডা. শফিকুর রহমান দাবি করেন, নির্বাচনী বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশংসনীয় ছিল। যেখানে সমস্যা সৃষ্টি হয়েছে, সেখানে তারা দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে ভোটারদের ভয়ের সংস্কৃতি থেকে মুক্ত রাখা এবং জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
দেশের সামগ্রিক অগ্রগতির প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দেশ ভালো থাকলে সবাই ভালো থাকবে। গত ৫৪ বছরে যে লক্ষ্য অর্জিত হয়নি, আগামী পাঁচ বছরে যেন সে ধরনের একটি দেশ গড়ার পরিবেশ তৈরি হয়—এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

































