ক্ষমতায় এলে পে-স্কেল যথাসময়ে বাস্তবায়নের প্রতিশ্রুতি
- সর্বশেষ আপডেট ১১:০৪:১০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / 34
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সময়মতো পে-স্কেল কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি বেকার সমস্যা, স্বাস্থ্যসেবা এবং আর্থ-সামাজিক সহায়তার ব্যাপক কর্মসূচির অঙ্গীকার করেছেন।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সোমবার বাংলাদেশ টেলিভিশনে দেওয়া ভাষণে জানান, সরকার গঠনের পর প্রতিটি সেক্টর ও পেশার মানুষের কল্যাণে পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। তিনি বিএনপির প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের সুবিধার কথাও তুলে ধরেন।
তারেক রহমানের ঘোষণা অনুযায়ী, প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। প্রথম পর্যায়ে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ও নিম্ন আয়ের মানুষদের মাসে আড়াই হাজার টাকা বা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সহায়তা দেওয়া হবে।
শিক্ষিত তরুণ-তরুণীদের জন্যও বিশেষ পরিকল্পনা রয়েছে। তারেক জানান, সরকার গঠনের পর ছয় মাস থেকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত বা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত তারা আর্থিক ভাতা পাবেন।
বেকার সমস্যা নিরসনের জন্য তিনি ব্যাংক, বীমা ও পুঁজিবাজারসহ অর্থনৈতিক খাতের সংস্কার, অঞ্চলভিত্তিক অর্থনীতির উন্নয়ন এবং শিল্প-বাণিজ্যে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য রেখেছেন।
স্বাস্থ্যসেবায় নাগরিকের কাছে সরাসরি পৌঁছানোর জন্য ১ লাখ হেলথ কেয়ার কর্মী নিয়োগের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি, যার মধ্যে ৮০ শতাংশ নারী হবেন।
তারেক রহমান আরও উল্লেখ করেন, “ফ্যাসিবাদী সরকারের সময়ে বছরে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে। এটি রোধ করা গেলে কৃষক কার্ডসহ অন্যান্য খাতে অর্থায়ন সম্ভব হবে।”






































