ভোটকেন্দ্রে সাংবাদিকরা মোবাইল ব্যবহার করতে পারবে

- সর্বশেষ আপডেট ০৫:১৬:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / 190
নির্বাচনের দিন ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল ফোন বহনের ওপর আর কোনো সীমাবদ্ধতা থাকবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)। তিনি সাংবাদিকদের আশ্বস্ত করেছেন যে, ভোটকেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে তারা কোনো ধরনের সমস্যার মুখোমুখি হবেন না।
সোমবার বিকেলে নির্বাচনী বুথ পরিদর্শনকালে তিনি বলেন, সাংবাদিক ও পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রে তাদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন এবং সেটি ব্যবহার করতেও কোনো বাধা থাকবে না।
এর আগে রবিবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলামের স্বাক্ষরিত এক চিঠিতে ভোটকেন্দ্রের চারশ’ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। ওই নির্দেশনায় শুধু প্রিসাইডিং কর্মকর্তা, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এবং নির্দিষ্ট দুইজন আনসার সদস্য মোবাইল ব্যবহার করতে পারার অনুমতি ছিল।
নির্দেশনার কারণে প্রার্থী ও সাংবাদিকদের জন্য তথ্য সরবরাহ এবং ভোট পর্যবেক্ষণের সুযোগ সীমিত হয়ে ওঠায় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সমালোচনার পর নির্বাচন কমিশন তাদের অবস্থান থেকে সরে আসে।
ইসি সানাউল্লাহ সাংবাদিকদের আশ্বস্ত করে জানান, মোবাইল ফোন বহনের ওপর যে সীমাবদ্ধতার কথা বলা হয়েছিল, তা সাংবাদিকদের ক্ষেত্রে শিথিল করা হচ্ছে। তিনি আরও জানান, এ বিষয়ে দ্রুত নতুন প্রজ্ঞাপন জারি করা হবে, যা ভোট পর্যবেক্ষণ ও সাংবাদিকদের কাজকে নিরাপদ ও স্বচ্ছ করবে।
নির্বাচনের প্রস্তুতি, তথ্য প্রবাহ এবং স্বচ্ছতার জন্য সাংবাদিকদের ভূমিকার গুরুত্বের দিকে ইসি বিশেষভাবে মনোযোগ দিয়েছেন। তার এই পদক্ষেপ বিশ্লেষকরা মনে করছেন ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সংকেত।

































