২৪ হাজার রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ কারা পাচ্ছে ?

- সর্বশেষ আপডেট ০৭:২২:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 143
অন্তর্বর্তী সরকার বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দায়ের করা প্রায় ২৪ হাজার রাজনৈতিকভাবে হয়রানিমূলক মামলার প্রত্যাহারের সুপারিশ করেছে। এসব মামলায় অন্তত পাঁচ লাখ মানুষকে হয়রানির শিকার হতে হয়েছে বলে জানা গেছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিমের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দায়ের হওয়া মামলাগুলো রাজনৈতিকভাবে হয়রানিমূলক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এতে বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা অন্তর্ভুক্ত।
মামলাগুলো পর্যালোচনার জন্য ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর জেলা প্রশাসকের নেতৃত্বে প্রতিটি জেলায় কমিটি গঠন করা হয়েছিল। পাশাপাশি আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটিও দায়িত্ব নিয়েছিল। রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন চাওয়ার পর কমিটি ৩৯টি সভায় বসে মামলাগুলো যাচাই-বাছাই করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের প্রক্রিয়া এখনও চলমান রয়েছে এবং তা দ্রুত সমাপ্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
































