শ্রমবাজারে সুনাম রক্ষায় সনদ জালিয়াতি রোধের নির্দেশ

- সর্বশেষ আপডেট ০৬:২৪:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 89
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) প্রশিক্ষণ সনদ জালিয়াতি ও ভুয়া সনদের ব্যবহার বন্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে এ ব্যবস্থা অপরিহার্য।
রোববার তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এনএসডিএর গভর্নিং বডির সভায় তিনি বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে এনএসডিএ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে সনদ জালিয়াতি ও প্রতারণার কারণে কর্মীদের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। চাকরিদাতারা যদি আস্থা হারান, তাহলে দক্ষতা উন্নয়নের উদ্যোগগুলো ব্যর্থ হবে।
ড. ইউনূস বলেন, “চাকুরিদাতারা যেন নিশ্চিতভাবে বলেন—বাংলাদেশ থেকে যেসব কর্মী এসেছে, তারা দক্ষ ও বিশ্বাসযোগ্য।” তিনি আশা প্রকাশ করেন, এনএসডিএর অভিন্ন মানের সনদ ব্যবস্থা জালিয়াতি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্ম সৃজনশীল ও সম্ভাবনাময়; তাদের জন্য সুযোগ ও সম্ভাবনার দরজা উন্মুক্ত করা প্রধান দায়িত্ব। বেসরকারি উদ্যোগগুলো যেন আরও স্বচ্ছ ও কার্যকর হয়, সেই লক্ষ্যে সমন্বয় ও উদ্যোগ নিতে হবে।
সভায় বিগত সিদ্ধান্তের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং সমন্বিত দক্ষতা ইকোসিস্টেম প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমের অভিন্ন কারিকুলাম ও মানদণ্ড নিশ্চিত করা সম্ভব হবে।
ব্যবস্থা চালু হলে আন্তর্জাতিক বাজারে সনদের মান ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পাবে, সরকারি অর্থের অপচয় কমবে এবং শিল্প খাতে শ্রমিক চাহিদা ও দক্ষতা উন্নয়নে কেন্দ্রীয় পরিকল্পনা সহজ হবে।
গভর্নিং বডি সভায় এলডিসি উত্তরণ পরবর্তী বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য এনএসডিএর দীর্ঘমেয়াদি লক্ষ্যসমূহও অনুমোদন করা হয়।
এর মধ্যে রয়েছে উদীয়মান সেক্টরে ‘স্কিলস গ্যাপ এনালাইসিস’, সব উন্নয়ন প্রকল্পকে এনএসডিএর কারিকুলাম ও কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের আওতায় আনা, বিএনএফকিউ কে আন্তর্জাতিক বেঞ্চমার্কের সঙ্গে সামঞ্জস্য করা এবং অপ্রাতিষ্ঠানিক খাতের জনবলকে জাতীয় দক্ষতা সনদে অন্তর্ভুক্ত করা।
সভায় উপস্থিত ছিলেন নৌপরিবহণ ও শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, শিল্প, গৃহায়ন ও স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান, বিআইডিএস’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুণ, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, এনএসডিএর নির্বাহী চেয়ারম্যানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

































