দেশের প্রায় চার ভাগের তিন ভাগ বা ৭৭ শতাংশ ভোটার মনে করেন, রাস্তা, ব্রিজ, কালভার্ট নির্মাণ ও কর্মসংস্থান সৃষ্টি হলেই উন্নয়ন নিশ্চিত হয়। অর্থাৎ উন্নয়ন সম্পর্কে ভোটারদের ধারণা এখনো অবকাঠামোকেন্দ্রিক, যা জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রেও প্রভাব ফেলছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
আরও পড়তে পারেন
শনিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে ‘নির্বাচনী এলাকায় সবুজ টেকসই অর্থনীতির চালচিত্র ও প্রত্যাশা: প্রার্থী ও ভোটার জরিপের ফলাফল’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।
জরিপে দেখা গেছে, অধিকাংশ ভোটার উন্নয়ন বলতে সড়ক, ব্রিজ, কালভার্টসহ দৃশ্যমান অবকাঠামো প্রকল্পকেই প্রধান সূচক হিসেবে দেখেন। এসব প্রকল্পের সঙ্গে সরাসরি ও পরোক্ষভাবে কর্মসংস্থান যুক্ত থাকায় এগুলোকে উন্নয়নের গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচনা করা হয়।
গবেষণায় দেখা যায়, শহরাঞ্চলের প্রায় ৮৬ শতাংশ ভোটার উন্নয়নের সঙ্গে সড়ক ও ব্রিজ নির্মাণকে ঘনিষ্ঠভাবে যুক্ত করেন। পার্বত্য চট্টগ্রাম, উপকূলীয়, জলবায়ু ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক এলাকাতেও এই ধারণা প্রবল।
ভোটারদের পাশাপাশি রাজনৈতিক দলের প্রতিনিধিদের মধ্যেও উন্নয়ন নিয়ে প্রায় একই ধরনের দৃষ্টিভঙ্গি দেখা গেছে। কিছু ক্ষেত্রে প্রতিনিধিদের ধারণা তুলনামূলক বিস্তৃত হলেও ভোটারদের দৃষ্টিভঙ্গি এখনো মূলত অবকাঠামোকেন্দ্রিক।
সিপিডির জ্যেষ্ঠ গবেষণা সহযোগী হেলেন মাশিয়াত বলেন, ৯৫ শতাংশ ভোটার মনে করেন বাংলাদেশে একটি সবুজ সমাজ গড়ে তোলা সম্ভব। তবে তিনি সতর্ক করে বলেন, উন্নয়ন ধারণার এই একমুখী প্রবণতা দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু অভিযোজনের বিষয়গুলোকে আড়ালে ঠেলে দিতে পারে। তাঁর মতে, উন্নয়ন আলোচনায় শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও জীবনমানের বিষয়গুলোকে আরও গুরুত্ব দিতে হবে।
জরিপে ১৫০টি নির্বাচনী এলাকার ৪৫০ জন প্রার্থী ও তাদের প্রতিনিধির পাশাপাশি জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার ১ হাজার ২০০ ভোটারের মতামত নেওয়া হয়। এতে পরিবেশ, সবুজ অর্থনীতি ও সামাজিক উন্নয়ন—এই তিন স্তম্ভে দৃষ্টিভঙ্গি ও প্রত্যাশা বিশ্লেষণ করা হয়েছে।
পরিবেশ রক্ষার ক্ষেত্রে প্রায় ৬১ শতাংশ ভোটার গাছ লাগানো ও প্লাস্টিক ব্যবহার কমানোর ওপর জোর দিয়েছেন। প্রার্থীরাও একই ধরনের সহজ সমাধানের কথা বলেছেন। গবেষকদের মতে, ব্যক্তিগতভাবে সহজে করা যায় এমন উদ্যোগকেই ভোটাররা মূল সমাধান হিসেবে দেখছেন।
জরিপে দেখা গেছে, নবায়নযোগ্য জ্বালানি সম্পর্কে জানেন এমন ভোটারের হার ৪৭ শতাংশ এবং প্রার্থীদের ক্ষেত্রে ৪২ শতাংশ। তবে একে টেকসই উন্নয়নের কেন্দ্রীয় উপাদান হিসেবে দেখার ঘাটতি রয়েছে।
গবেষণায় আরও বলা হয়, পরিবেশ ও অর্থনীতির তুলনায় সামাজিক উন্নয়নকে সবচেয়ে কম গুরুত্ব দিচ্ছেন ভোটার ও প্রার্থীরা। দারিদ্র্য, আয় ও কর্মসংস্থানের চাপের কারণে সামাজিক বিষয়গুলো অনেকের কাছে গৌণ হয়ে উঠছে।
সামাজিক উন্নয়নের ক্ষেত্রে ভোটারদের প্রধান অগ্রাধিকার স্বাস্থ্য ও শিক্ষা। সিপিডির মতে, এটি প্রমাণ করে যে দেশের বড় একটি অংশ এখনো মৌলিক চাহিদা পূরণের সংগ্রামে রয়েছে।
মিডিয়া ব্রিফিংয়ে জরিপের তথ্য উপস্থাপন করেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেলেন মাশিয়াত, সামি মোহাম্মদ, মালিহা সাবাহ ও নূর ইয়ানা জান্নাত।



































