চট্টগ্রাম বন্দরে ফের অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক

- সর্বশেষ আপডেট ০৪:১৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 141
দুই দিনের বিরতি শেষে রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন চট্টগ্রাম বন্দরের শ্রমিক ও কর্মচারীরা। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের বিরোধিতায় এবার বহির্নোঙরেও কর্মবিরতির আওতায় আনা হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেয় ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের নেতা হুমায়ুন কবির।
সংগ্রাম পরিষদের চার দফা দাবির মধ্যে প্রধান দাবি হলো- ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারা দেওয়া হবে না এ মর্মে সরকারের পক্ষ থেকে স্পষ্ট ও আনুষ্ঠানিক ঘোষণা দিতে হবে। পাশাপাশি আন্দোলনে অংশ নেওয়া শ্রমিক-কর্মচারীদের বিরুদ্ধে নেওয়া সব ধরনের শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার, ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ না নেওয়ার নিশ্চয়তা এবং বন্দর চেয়ারম্যানকে অপসারণের দাবিও জানানো হয়।
কর্মসূচি প্রসঙ্গে সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন বলেন, গত বৃহস্পতিবার নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে বৈঠকে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত বাস্তবে কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। তার অভিযোগ, সমস্যা সমাধানের বদলে বন্দর চেয়ারম্যান ইচ্ছাকৃতভাবে অস্থিরতা সৃষ্টি করছেন এবং আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। এ কারণে তাকে দ্রুত অপসারণ করে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদের দাবি জানান তিনি।
সংগ্রাম পরিষদের নেতারা জানান, এর আগে বহির্নোঙরের কার্যক্রম ধর্মঘটের বাইরে থাকলেও রোববার থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের কর্মবিরতিতে সেখানে সব ধরনের কাজ বন্ধ থাকবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের নেতা মোহাম্মদ হারুন, তাসলিম হোসেন, আবুল কাসেম, ইয়াসিন রেজা রাজু, জাহিদ হোসেন, ইমাম হোসেন খোকন ও শরীফ হোসেন ভুট্টো।
উল্লেখ্য, ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে গত সপ্তাহে টানা ছয় দিন কর্মবিরতি পালন করেন বন্দর শ্রমিকরা। এতে বন্দরের আমদানি ও রপ্তানি পণ্য খালাস কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর দুই দিনের জন্য কর্মসূচি স্থগিত করা হয়েছিল।
তবে শ্রমিক নেতাদের দাবি, বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন সরকারি দপ্তরে চিঠি পাঠিয়ে আন্দোলনকারী নেতাদের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত শুরু এবং তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের আবেদন জানায়, যা আন্দোলনকারীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।
আন্দোলনকারীদের বাধার কারণে গত মঙ্গলবার থেকে বন্দরের গুরুত্বপূর্ণ তিনটি স্থাপনা- এনসিটি, চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) এবং জেনারেল কার্গো বার্থ (জিসিবি)-এর কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।
গত ৩১ জানুয়ারি থেকে শ্রমিকরা আন্দোলনে নামেন। প্রথম তিন দিন তারা প্রতিদিন আট ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন। পরে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।
দেশের মোট রপ্তানির প্রায় ৯১ শতাংশ চট্টগ্রাম বন্দরের মাধ্যমে পরিচালিত হয়। টানা কয়েক দিন বন্দরের কার্যক্রম ব্যাহত থাকায় রপ্তানি খাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ী সংগঠনগুলোও উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, এই অচলাবস্থা দীর্ঘস্থায়ী হলে রমজানের আগে নিত্যপ্রয়োজনীয় আমদানিকৃত পণ্যের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ ভোক্তাদের ওপর।

































