আবারও উত্তরবঙ্গে যাচ্ছেন তারেক রহমান
- সর্বশেষ আপডেট ১০:০৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 83
নির্বাচনী প্রচারণায় আগামী ৭ ফেব্রুয়ারি দেশের উত্তরাঞ্চলের ৩টি জেলা সফর করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জেলাগুলো হলো- দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুরে জেলা বিএনপির কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সফর সড়ক পথে নয়, তিনি হেলিকপ্টারে দিনাজপুরসহ রংপুর বিভাগের ৩টি জেলায় নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন। তবে ৭ ফেব্রুয়ারি দিন নির্ধারিত হলেও এখনো সময় ঠিক হয়নি। এটা নির্ভর করবে নিরাপত্তা, আবহাওয়া ও তার নির্বাচনী সফরসূচি নির্ধারকদের ওপর।
ডা. জাহিদ হোসেন বলেন, এ দিন তারেক রহমান দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলায় দলের মনোনীত প্রার্থীদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন।
ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দিনাজপুর-৬ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং নীলফামারী-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শাহরিন ইসলাম তুহিনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান।
































