বন্ধ কারখানায় বিনিয়োগ টানতে রোড শো করবে সরকার
- সর্বশেষ আপডেট ১০:১১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- / 6
বন্ধ ও লোকসানী সরকারি কারখানাগুলো পুনরায় চালু এবং লাভজনক করতে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে শিগগিরই রোড শো আয়োজন করা হবে এবং চলতি মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্নের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কারখানা চালু ও ব্যবস্থাপনা’ বিষয়ক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু জানান, সভায় শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বন্ধ ও অলাভজনক কারখানাগুলোর বর্তমান অবস্থা, সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেন।
সভায় প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের দ্রুত বন্ধ কারখানা চালু এবং লোকসানী প্রতিষ্ঠানগুলোকে লাভজনক করার কার্যকর উপায় খুঁজে বের করার নির্দেশ দেন। পাশাপাশি এসব প্রতিষ্ঠানে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেন।
কর্মকর্তারা জানান, বন্ধ কারখানা পুনরায় চালু ও অলাভজনক প্রতিষ্ঠানগুলোকে লাভজনক করতে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ নেওয়ার কাজ চলছে।
সভায় বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।































