৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতে পুরোনো দাম বহাল
- সর্বশেষ আপডেট ০৯:৫৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- / 83
বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণার একদিনের মধ্যেই লাইফলাইন ও প্রথম ধাপের আবাসিক গ্রাহকদের জন্য বর্ধিত মূল্য প্রত্যাহার করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে ৫০ ও ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীরা আগের হারেই বিল পরিশোধ করবেন।
বৃহস্পতিবার (৪ জুন) বিইআরসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার পাইকারি ও খুচরা পর্যায়ে নতুন বিদ্যুৎ মূল্য ঘোষণা করা হয়েছিল। সেই ঘোষণায় লাইফলাইন গ্রাহকদের ইউনিটপ্রতি দাম ৪ টাকা ৬৩ পয়সা থেকে ৫ টাকা ৩২ পয়সা এবং ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য ৫ টাকা ২৬ পয়সা থেকে ৬ টাকা ১৮ পয়সা নির্ধারণ করা হয়।
দেশের মোট বিদ্যুৎ গ্রাহকের প্রায় ৬৫ শতাংশই লাইফলাইন ও প্রথম ধাপের আবাসিক গ্রাহক। নতুন সিদ্ধান্তে কোটি কোটি গ্রাহক সরাসরি উপকৃত হবেন।
সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, ০-৫০ ইউনিট ব্যবহারকারী লাইফলাইন গ্রাহকরা আগের মতো ইউনিটপ্রতি ৪ টাকা ৬৩ পয়সা হারে বিল দেবেন। এতে তাদের মাসিক প্রায় ৩৪ টাকা ৫০ পয়সা অতিরিক্ত ব্যয় থেকে মুক্তি মিলবে।
এছাড়া ০-৭৫ ইউনিট ব্যবহারকারী প্রথম ধাপের গ্রাহকরাও আগের ইউনিটপ্রতি ৫ টাকা ২৬ পয়সা হারেই বিল পরিশোধ করবেন। ফলে তাদের মাসে অতিরিক্ত প্রায় ৬৯ টাকা বিলের চাপ বহন করতে হবে না।





























