‘হুররেম’-এর ছায়া পেরোতে ব্যর্থ তিনি

- সর্বশেষ আপডেট ০১:২৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
- / 252
তুরস্কের জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘সুলতান সুলেমান’–এ হুররেম সুলতান চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন অভিনেত্রী মেরিয়েম উজারলি। নিজের নামের চেয়েও এই চরিত্রের নামেই তিনি বেশি পরিচিত হয়ে ওঠেন দর্শকদের কাছে। এক দশকেরও বেশি আগে ধারাবাহিকটিতে অভিনয় করলেও এর জনপ্রিয়তা আজও অমলিন। বাংলাদেশে দীপ্ত টিভির মাধ্যমে সম্প্রচারিত হওয়ার পর এখানেও ব্যাপক দর্শকপ্রিয়তা পায় সিরিজটি।
বর্তমানে মেরিয়েম উজারলি তার দুই মেয়ে লারা ও লিলিকে নিয়ে জার্মানির বার্লিনে বসবাস করছেন। মাঝখানে অভিনয় থেকে কিছুটা দূরে থাকলেও আবারও নিয়মিত কাজ শুরু করেছেন তিনি। সম্প্রতি বড়দিন উপলক্ষে মেয়েদের সঙ্গে কাটানো কিছু মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেন এই অভিনেত্রী।
ছবিগুলোতে ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন মেরিয়েম। ভেনেজুয়েলা থেকে এক ভক্ত মন্তব্য করেন, “আমার হুররেম, আমার সুলতান—কি সুন্দর ছবি। বড়দিনের শুভেচ্ছা।” এমন মন্তব্যে বোঝা যায়, হুররেম চরিত্রটি আজও দর্শকদের হৃদয়ে গভীরভাবে গেঁথে আছে।
‘সুলতান সুলেমান’-এর পর মেরিয়েম উজারলি অভিনয় করেছেন **‘ওতেকি তারাফ’, ‘কুইন অব দ্য নাইট’, ‘মাই মাদার উন্ড’**সহ একাধিক টিভি সিরিজ ও চলচ্চিত্রে। তবে এসব কাজ সত্ত্বেও হুররেম সুলতান চরিত্রের জনপ্রিয়তাকে তিনি এখনো ছাড়িয়ে যেতে পারেননি।
২০২৪ সালে মুক্তি পাওয়া অসম প্রেমের গল্পে নির্মিত তুর্কি সিরিজ ‘রু’–তে তাকে একটি আবেদনময়ী চরিত্রে দেখা গেছে। নতুন কাজের মাধ্যমে দর্শকের সামনে ভিন্নভাবে হাজির হলেও হুররেমের ছায়া এখনো তার ক্যারিয়ারে স্পষ্ট।
বর্তমানে ইনস্টাগ্রামে মেরিয়েম উজারলির অনুসারীর সংখ্যা ৭৮ লাখেরও বেশি, যা তার আন্তর্জাতিক জনপ্রিয়তার প্রমাণ দেয়।

































