কি করে তানিয়া মিত্তালের জন্য ১৫০ নিরাপত্তাকর্মী?
- সর্বশেষ আপডেট ০১:৪২:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
- / 213
বিগ বস ১৯-এ অংশ নেওয়া অভিনেত্রী ও উদ্যোক্তা তানিয়া মিত্তাল এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তার অদ্ভুত কিছু দাবির কারণে। শো চলাকালীন তিনি দাবি করেছিলেন, তার ১৫০ জনেরও বেশি দেহরক্ষী রয়েছে এবং শুধুমাত্র বাকলাভা খাওয়ার জন্য দুবাই ভ্রমণ করেন। এসব মন্তব্যের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা তৈরি হয়।
সম্প্রতি সেই বিতর্কিত মন্তব্য নিয়ে ব্যাখ্যা দিয়েছেন তানিয়া নিজেই। বিগ বস শেষ হওয়ার পর তিনি ফিরে গেছেন নিজের শহর গোয়ালিয়রে। সম্প্রতি নিউজ পিঞ্চ নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে নিজের কারখানার অংশ ঘুরে দেখান তিনি। সেখানে উঠে আসে তাঁর সবচেয়ে আলোচিত মন্তব্য—১৫০ জন বডিগার্ড থাকার দাবি।
এ প্রসঙ্গে তানিয়া স্পষ্ট করে বলেছেন, তিনি কখনোই এমন কোনো দাবি করেননি।
“আমি কখনো বলিনি যে আমার ১৫০ জন দেহরক্ষী আছে। ইন্টারনেটে এমন কোনো ক্লিপও নেই যেখানে আমাকে এ কথা বলতে শোনা যায়। এসব বানানো গল্প। জেইশান (কাদরি) বিষয়টি নিয়ে মজা করছিল। আমি তাকে বলেছিলাম, আমার ১৫০ জনের বেশি কর্মী আছে, আর সে মজা করে তাদের দেহরক্ষী বলেছে।”

তিনি আরও জানান, ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা তাঁর রয়েছে ঠিকই, তবে এটি বহু বছর ধরেই চালু এবং এর সঙ্গে কোনো নির্দিষ্ট সংখ্যার বিষয় নেই।
নিজের ব্যবসা নিয়ে তানিয়া বলেন, “আমার একটি পোশাক কারখানা, একটি ফার্মা কারখানা এবং একটি উপহারের কারখানা রয়েছে। তবে সত্যি বলতে, আমি সব কিছু দেখাতে চাই না। বাড়ি বা কারখানা ঘুরিয়ে দেখানোর প্রয়োজন বোধ করি না। কারণ আমি কখনো মিথ্যা বলিনি।”
উল্লেখ্য, বিগ বস ১৯-এ তানিয়া মিত্তাল তৃতীয় রানার-আপ হয়েছেন। শো চলাকালীন তিনি ফাইনালিস্ট হওয়ার পাশাপাশি একতা কাপুরের কাছ থেকে অভিনয়ের একটি কোর্সও সম্পন্ন করেছেন। শো শেষ হওয়ার পর শিগগিরই তাকে অভিনয়ে দেখা যাবে বলে জানা গেছে।
































