ধান রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
- সর্বশেষ আপডেট ০৩:৪০:০৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / 34
ঝালকাঠির কাঁঠালিয়ায় বৃষ্টির মধ্যে ধানের চারা রোপণের সময় বজ্রপাতে মো. দেলোয়ার হোসেন খান (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন ওই গ্রামের মো. হারুন খানের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বৃষ্টির মধ্যে নিজের জমিতে ধানের চারা রোপণ করছিলেন দেলোয়ার। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি জমিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
চেঁচরী রামপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহিন খান বলেন, মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে দেলোয়ারের মৃত্যু হয়েছে। তিনি অত্যন্ত পরিশ্রমী ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কাঁঠালিয়া থানার ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল বলেন, বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।




























