তানিয়া বৃষ্টি
সিনেমা করলেও নাটক ছাড়ার প্রশ্নই আসে না

- সর্বশেষ আপডেট ০৬:১৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- / 150
২০১২ সালে শোবিজে যাত্রা শুরু করেন তানিয়া বৃষ্টি। ২০১৫ সালে আকরাম খানের ঘাসফুল সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হলেও পরবর্তীতে ছোট পর্দাতেই নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। দীর্ঘ বিরতির পর আবার চলচ্চিত্রে ফিরছেন এই অভিনেত্রী। রায়হান খানের নতুন সিনেমা ট্রাইব্যুনাল-এ তাকে দেখা যাবে প্রধান চরিত্রে।
মঙ্গলবার ছবিটি নিয়ে আয়োজিত অনুষ্ঠানে তানিয়া বলেন, সিনেমায় ফেরার পরিকল্পনা নিয়ে গত কয়েক বছরে বহু প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাকে। এখন সবার জানা—তিনি আবার বড় পর্দায় কাজ শুরু করেছেন।
বিরতি নিয়ে তিনি জানান, ভিট–চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতার পর একটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেও পরে বুঝতে পারেন, চলচ্চিত্র একটি বড় পরিসরের কাজ এবং এখানে নিজের জায়গা তৈরি করতে সময় ও দক্ষতা প্রয়োজন। সেই প্রস্তুতি নেওয়ার জন্যই তিনি ছোট পর্দায় নিয়মিত কাজ করেছেন। প্রায় আট থেকে দশ বছর পর অবশেষে বড় পর্দায় ফেরার জন্য নিজেকে যথেষ্ট প্রস্তুত বলে মনে করছেন তিনি।
একসময় মাসে ১০–১৫টি নাটকে অভিনয় করতেন তানিয়া বৃষ্টি। এখন সিনেমায় ব্যস্ত থাকায় নাটকে সময় কম দিতে পারছেন। তবুও নাটক ছাড়ার কোনো পরিকল্পনা নেই তার।
তানিয়া স্পষ্টভাবে বলেন, “দর্শক আমাকে নাটকের মাধ্যমেই চিনেছেন। তাই সিনেমায় কাজ করলেও নাটক ছেড়ে দেওয়ার কোনো প্রশ্ন নেই। শুধু কাজের সংখ্যা কমতে পারে—এটাই স্বাভাবিক। সামনে বেছে বেছে নাটকে কাজ করব।”
সিনেমার প্রস্তুতি নিয়েও কথা বলেন তিনি। ট্রাইব্যুনাল–এর শুটিংয়ের আগে তিনি টানা এক মাস তারিক আনাম খানের কাছে রিহার্সেল করেছেন। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমায় উঠে এসেছে ন্যায়বিচার, নৈতিকতা এবং প্রতিটি রায়ের আড়ালের অজানা রাজনৈতিক প্রেক্ষাপট। চরিত্রটি বোঝার জন্য তানিয়া সরাসরি মাঠে গিয়ে অভিজ্ঞতা নিয়েছেন; হাসপাতালের রোগীদের সঙ্গে কথা বলেও চরিত্রের অনুভূতিগুলো আত্মস্থ করেছেন।
তিনি জানান, চলতি মাসেই শুটিং শেষ হবে এবং আগামী রোজার ঈদে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

































