১৬৮১ জনকে সুপারিশ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

- সর্বশেষ আপডেট ১১:০০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / 151
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএসের সমন্বিত ও সম্পূরক চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। এতে মোট ১,৬৮১ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে পিএসসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানান, ৪৪তম বিসিএস পরীক্ষা–২০২১-এর পূর্বে প্রকাশিত ফলাফল পুনর্মূল্যায়ন করে যেসব প্রার্থী একই বা নিম্নতর ক্যাডারে যোগদান না করার বিষয়ে লিখিত ঘোষণা দিয়েছেন, তাঁদের আবেদন বিবেচনায় নিয়ে এই সম্পূরক ফল প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশোধিত বিধিমালা অনুযায়ী ৪৪তম বিসিএসে মনোনীত ৩০৩ জন প্রার্থী পূর্ববর্তী বিসিএসের মাধ্যমে অন্য ক্যাডারে ইতিমধ্যেই কর্মরত আছেন। তাঁদের মধ্যে অনেকে বর্তমান পদ বা নিম্নতর ক্যাডারে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন।
এর ফলে ২৬০ জনকে চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে, ৪৩ জন প্রার্থীকে তাঁদের পছন্দক্রম অনুযায়ী উচ্চতর ক্যাডারে উন্নীত করা হয়েছে। শূন্য হওয়া পদগুলো পূরণের জন্য মেধাক্রম অনুযায়ী ২৫৭ জন নতুন প্রার্থীকে মনোনীত করা হয়েছে। এ প্রক্রিয়ায় মোট ১১৩ জনের ক্যাডার পরিবর্তন হয়েছে।
কোন ক্যাডারে কতজন
নতুন তালিকা অনুযায়ী, প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পররাষ্ট্রে ১০ জন, পুলিশে ৫০ জন, আনসারে ১৪ জন, নিরীক্ষা ও হিসাবে ৩০ জন, কর ক্যাডারে ১১ জন, সমবায়ে ৮ জন, রেলওয়েতে ৭ জন, তথ্য ক্যাডারে ১০ জন, ডাক বিভাগে ২৩ জন, বাণিজ্যে ৬ জন, পরিবার পরিকল্পনা ক্যাডারে ২৭ জন এবং খাদ্য ক্যাডারে ৩ জন প্রার্থীকে সুপারিশ করা হয়েছে।
সম্পূরক ফলাফল পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, যা প্রার্থীরা সরাসরি অনলাইনে দেখতে পারবেন।

































