পাকুন্দিয়ায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩, মারা গেছে ৬ গরু
- সর্বশেষ আপডেট ০৯:৩২:৩১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- / 5
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঢাকাগামী যাত্রাবাহী বাস অনন্যা ক্লাসিকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গরুবুঝাই পিকআপে থাকা ৩জন নিহত হয়েছেন। এছাড়া পিকআপের ৬টি গরু নিহত হয়েছে। এ ঘটনায় যাত্রীবাহী বাসের চালক ও হেলপার এই দুইজনও গুরুতর আহত হয়েছে।
সোমবার (৬ জুলাই) বিকাল সোয়া ৩টার দিকে কিশোরগঞ্জ-গাজীপুর-ঢাকা মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, নরসিংদী জেলার শিবপুর উপজেলা সদরের মঞ্জু মিয়ার ছেলে পিকআপ চালক খোকন মিয়া (৩৯), একই উপজেলার কুন্দারপাড়া গ্রামের আবু সাঈদের ছেলে বিল্লাল (৩৫) এবং একই গ্রামের আব্দুস সোবহানের ছেলে খুর্শিদ উদ্দিন (৬০)। এছাড়া আহতরা হলেন, বাসচালক শিবপুর ইটাখলা এলাকার মান্নান সরকার (৫০) ও চালকের সহযোগী একই এলাকার আমান (৩৫)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ থেকে একটি গরু বোঝাই পিকআপ নরসিংদীর দিকে যাওয়ার সময় সোমবার (৬ জুলাই) বিকাল সোয়া তিনটার দিকে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীবাহী অনন্যা ক্লাসিকের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে বাস ও পিকআপ দুটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই পিকআপের চালকসহ তিনজন নিহত হন। এসময় পিকআপে থাকা ৭টি গরুর মধ্যে ৬টি গরু মারা যায়। এছাড়া অনন্যা ক্লাসিকের চালকসহ সহযোগী গুরুতর আহত হন। খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে পাঠান।
পাকুন্দিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র ফায়ার ফাইটার মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গরু বোঝাই পিকআপ থেকে ড্রাইভারসহ নিহত তিনজনকে উদ্ধার করি। অনন্যা ক্লাসিক বাসের ড্রাইভারসহ আহত দুইজনকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
তিনি বলেন, গরু বোঝাই পিকআপের ৭টি গরুর মধ্যে ৬টি নিহত হয়েছে এবং একটি আহত হয়েছে।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

































