৭৬ দিন পর কারামুক্ত সেই কলেজছাত্র সিফাত

- সর্বশেষ আপডেট ১০:২৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 78
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে গ্রেপ্তার কলেজছাত্র সিফাত আবদুল্লাহ ৭৬ দিন পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর বুধবার (১৮ নভেম্বর) তিনি কারামুক্ত হন।
সিফাতের আইনজীবী নাসের আলী খান তাঁর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ অনুযায়ী, গত ৩ সেপ্টেম্বর গাজীপুরের নিজ বাসা থেকে সিফাত আবদুল্লাহকে আটক করে পুলিশ। পরদিন ৪ সেপ্টেম্বর গাছা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সিফাতের আইনজীবীদের অভিযোগ, বিদ্যুৎ বিল নিয়ে তাঁর মন্তব্যের কোনো উল্লেখ মামলার এজাহারে নেই। রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে তাঁকে পুরোনো একটি মামলায় জড়ানো হয়েছে বলেও দাবি করেন তাঁরা।
এর আগে দুই দফায় নিম্ন আদালতে তাঁর জামিন আবেদন নাকচ হয়। গত ৭ সেপ্টেম্বর গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৫ এবং ২২ সেপ্টেম্বর গাজীপুর মহানগর দায়রা জজ আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন।
পরে নিম্ন আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করেন সিফাতের আইনজীবীরা। শুনানি শেষে হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করেন। আইনি প্রক্রিয়া শেষে বুধবার কারাগার থেকে মুক্তি পান তিনি।































