২০২২ বিশ্বকাপ সম্প্রচারে দুর্নীতির তদন্ত চলছে: তথ্যমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০২:১১:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- / 19
ফুটবল বিশ্বকাপের গত আসর (২০২২ সালে) বাংলাদেশে সম্প্রচারকে ঘিরে প্রায় ১৪০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ এখন তদন্তের আওতায়। এমন তথ্য জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ফিফার প্রাপ্য অর্থ পরিশোধের পরও বিপুল অঙ্কের টাকা মধ্যস্বত্বভোগীদের হাতে চলে যায়।
রবিবার (১৯ জুলাই) সচিবালয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপ সম্প্রচার নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ২০২২ বিশ্বকাপে ফিফার পাওনা ৩ দশমিক ২ মিলিয়ন ডলার পরিশোধ করা হলেও, এর বাইরে প্রায় ১৪০ কোটি টাকা মধ্যস্বত্বভোগীদের লুটপাটের কেন্দ্র হয়ে ওঠে। ওই অর্থ কীভাবে ব্যয় হয়েছে, তা নিয়ে তদন্ত চলছে।
তবে ২০২৬ বিশ্বকাপের ক্ষেত্রে ভিন্ন চিত্র তুলে ধরে তিনি জানান, এবার ফিফার ৩ দশমিক ৮ মিলিয়ন ডলার পাওনা সাব-লাইসেন্সিং থেকেই আদায় করা হয়েছে। শুধু তাই নয়, বাকি ২ থেকে ৩ কোটি টাকাও একই প্রক্রিয়ায় উঠে আসবে। ফলে এবারের বিশ্বকাপ সম্প্রচারে সরকারের ব্যয় প্রায় শূন্য থাকবে বলে দাবি করেন তিনি।
জহির উদ্দিন স্বপন অভিযোগ করেন, আগের সরকারের আমলে বিশ্বকাপ সম্প্রচারের নামে পরিকল্পিতভাবে দুর্নীতি হয়েছে এবং মধ্যস্বত্বভোগীরা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, বিদ্যুৎ খাতেও আইন করে দুর্নীতির সুযোগ সৃষ্টি করা হয়েছিল।
তথ্যমন্ত্রী আরও জানান, আগামী বিশ্বকাপ সম্প্রচারকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং লাভজনক করতে কাজ করছে সরকার। ব্যয় কমিয়ে সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করাই হবে নতুন পরিকল্পনার মূল লক্ষ্য।
































