১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ
- সর্বশেষ আপডেট ০৬:১৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / 76
দীর্ঘ অপেক্ষার পর আবারও ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। ২০২৭ সালের মে মাসে ঐতিহাসিক লর্ডসে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে মাঠে নামবে টাইগাররা।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) প্রকাশিত সূচিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আগামী ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট ম্যাচ।
এর আগে ২০১০ সালের পর ইংল্যান্ডের ঘরের মাঠে আর কোনো টেস্ট খেলেনি বাংলাদেশ। প্রায় ১৭ বছর পর আবারও ইংলিশ কন্ডিশনে সাদা পোশাকে নামার সুযোগ পাচ্ছে টাইগাররা।
ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড বলেন, লর্ডসে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট আয়োজন করতে পেরে তারা উচ্ছ্বসিত। একই সফরে বাংলাদেশ নারী দলও ইংল্যান্ড সফর করবে। সেখানে ইংলিশ নারী দলের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে টাইগ্রেসরা।
বাংলাদেশ নারী দলের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২০২৭ সালের ৮ সেপ্টেম্বর। এরপর ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের বিভিন্ন ভেন্যুতে।




































