১৪ মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

- সর্বশেষ আপডেট ১০:২৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / 58
রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে উত্তরা পশ্চিম থানার আওতাধীন একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের ১৩ নম্বর বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে থানায় নিয়ে আসা হয়।
পুলিশ জানিয়েছে, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে হত্যা, ভাঙচুরসহ প্রায় ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর। এসব মামলার বেশির ভাগ সিলেটে দায়ের করা এবং তদন্তাধীন
এদিকে, গত ১২ অক্টোবর নুরুল ইসলাম নাহিদ ও তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের সম্পদের হিসাব চাওয়ার সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের প্রাথমিক অনুসন্ধানে নুরুল ইসলাম নাহিদের নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ১০ লাখ ৫৩ হাজার ৮৭৮ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। তার স্ত্রীর নামে পাওয়া গেছে ৬ লাখ ৯ হাজার ৭৩৪ টাকার সম্পদ। তাদের নামে-বেনামে থাকা সম্পদের প্রকৃত পরিমাণ, সম্পদ অর্জনের উৎস এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের হিসাব নির্ধারণে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
নুরুল ইসলাম নাহিদ ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসন থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে তিনি পরাজিত হন। ১৯৯৪ সালে আওয়ামী লীগে যোগ দেওয়ার পর দলটির মনোনয়নে সপ্তম, নবম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। নবম জাতীয় সংসদে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পরদিন রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভেঙে দেন। এর ফলে সংসদ সদস্য পদ হারান নুরুল ইসলাম নাহিদ।































