১০০০ গোলের মহালড়াই: রোনালদোকে চেপে ধরছেন মেসি
- সর্বশেষ আপডেট ১১:১৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
- / 108
ফুটবল ইতিহাসের দুই জীবন্ত কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির মধ্যকার ১,০০০ গোলের মাইলফলক ছোঁয়ার ঐতিহাসিক দ্বৈরথটি আবার নতুন করে জমে উঠেছে। বিশ্বমঞ্চে মেসির দুর্দান্ত ফর্ম এবং হ্যাটট্রিক পারফরম্যান্সের কারণে শীর্ষস্থানে থাকা রোনালদোর ওপর মনস্তাত্ত্বিক চাপ এখন অনেকটাই দৃশ্যমান। ২০২৬ ফুটবল বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে লিওনেল মেসি তাঁর ক্যারিয়ারের মোট গোলসংখ্যা ৯১৫-তে নিয়ে গেছেন।
কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল আর্জেন্টিনার জার্সিতে মেসির ২০০তম ম্যাচ। ঐতিহাসিক এই ম্যাচে আলজেরিয়ান রক্ষণভাগকে একাই গুঁড়িয়ে দেন আর্জেন্টাইন জাদুকর। রদ্রিগো ডি পলের পাস থেকে প্রথম গোল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের শট গোলরক্ষক লুকা জিদান পুরোপুরি ক্লিয়ার করতে না পারলে ফিরতি বলে দ্বিতীয় গোল এবং সবশেষে ডি-বক্সের প্রান্ত থেকে চিরচেনা শৈল্পিক কোণাকুণি শটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। এটি আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার হয়ে তাঁর ১২০তম গোল।
অন্যদিকে, স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার পরিসংখ্যান অনুযায়ী, ক্রিস্টিয়ানো রোনালদো ৯৭৩ গোল নিয়ে এখনো তালিকার শীর্ষে অবস্থান করছেন। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচে পর্তুগালের হয়ে তাঁর পারফরম্যান্স ছিল বেশ হতাশাজনক। মাঠে নিজের ছায়া হয়ে থাকা রোনালদো গোল করতে তো ব্যর্থ হয়েছেনই, উল্টো তাঁর অফ-ফর্ম দলের স্বাভাবিক খেলায় নেতিবাচক প্রভাব ফেলেছে।
বর্তমানে ১,০০০ গোলের মাইলফলক থেকে রোনালদো ২৭ গোল এবং মেসি ৮৫ গোল দূরে আছেন। ব্যবধান এখনো বেশ বড় হলেও মাঠের সাম্প্রতিক চিত্র পুরো আবহ বদলে দিয়েছে। উল্লেখ্য, বাছাইপর্বে লাল কার্ড দেখার পরও ফিফার বিশেষ বিবেচনায় রোনালদো বিশ্বকাপের প্রথম দুটি গ্রুপ ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন, যা নিয়ে ফুটবল বিশ্বে বেশ সমালোচনা চলছে। তবে রোনালদোর অফ-ফর্ম আর মেসির এই বিধ্বংসী ছন্দ ইঙ্গিত দিচ্ছে যে, ইতিহাসের সেরা এই গোলদাতার লড়াইয়ের শেষটা হতে যাচ্ছে অত্যন্ত রোমাঞ্চকর।


































