হাসি ও ভালোবাসায় যমুনার একযুগ

- সর্বশেষ আপডেট ০৭:৫০:০২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / 160
এক কেক, কিছু হাসি আর ভাগাভাগি করা ভালোবাসা—এভাবেই পূর্ণ হলো যমুনা টেলিভিশনের একযুগ। সরকারি শিশু পরিবারে রোববার সকাল সাড়ে ১০টায় কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় দিনটি। এতিম শিশুদের উচ্ছ্বাসে আর আনন্দে ভরপুর পরিবেশ মুহূর্তেই উৎসবকে করে তোলে প্রাণবন্ত।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী, সরকারি শিশু পরিবারের উপ পরিচালক আয়েশা খাতুন, নিউ মার্কেট ক্লাবের সভাপতি মশিউর রহমান ফিরোজ ও আরও অনেকে।
যমুনার সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলাম বলেন, মানুষের পাশে দাঁড়িয়ে ভালোবাসা ছড়িয়ে দেওয়াই আমাদের মূল শক্তি। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাংবাদিক হোসেন আলী।
আলোচনার শেষে প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম বাবুলের রুহের মাগফেরাত কামনা করা হয় এবং কলাকুশলীদের জন্য দোয়া করা হয়। হাফেজ মাওলানা ইউনুচ আলী দোয়ানুষ্ঠান পরিচালনা করেন।
এরপর ভালোবাসার আয়োজন ছড়িয়ে পড়ে শহরের রাস্তায়। দরিদ্র ভ্যানচালকদের হাতে ফুড প্যাকেজ পৌঁছে দেয়ার সঙ্গে তাদের মুখেও ফুটে ওঠে তৃপ্তির হাসি।
একযুগের এই যাত্রা কেবল গণমাধ্যমের নয়, এটি মানুষের পাশে থাকার ও ভালোবাসা ছড়িয়ে দেওয়ার একটি নিরন্তর প্রতিশ্রুতির গল্প।































