হাম মোকাবিলায় শিশুবান্ধব পরিকল্পনার আহ্বান
- সর্বশেষ আপডেট ০৪:২৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / 31
দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ পরিবেশ এবং বাসযোগ্য নগর নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)।
বৃহস্পতিবার (৬ আগস্ট) এক বিবৃতিতে সংগঠনটি জানায়, শিশুদের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি তাদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ, পরিকল্পিত নগরায়ণ এবং বাসযোগ্য গ্রামীণ পরিসর গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ।
বিআইপি সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবে শিশুদের আক্রান্ত ও মৃত্যুর ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করে। একই সঙ্গে জনস্বাস্থ্যসেবা জোরদার এবং স্বাস্থ্যসম্মত নগর ও গ্রামীণ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।
বিবৃতিতে বলা হয়, শিশুদের স্বাস্থ্য সুরক্ষা শুধু হাসপাতাল ও চিকিৎসাসেবার ওপর নির্ভরশীল নয়। নিরাপদ পানি, উন্নত স্যানিটেশন, স্বাস্থ্যসম্মত আবাসন, পর্যাপ্ত খোলা ও সবুজ জায়গা, নিরাপদ চলাচল, দূষণ নিয়ন্ত্রণ এবং সহজপ্রাপ্য স্বাস্থ্যসেবা; এসবই একটি শিশুবান্ধব পরিবেশের অপরিহার্য উপাদান।
বিআইপি মনে করে, ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি তুলনামূলক বেশি। তাই নগর ও আঞ্চলিক পরিকল্পনায় শিশুবান্ধব পরিকল্পনা (Child-Sensitive Planning)-কে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
সংগঠনটি স্বাস্থ্য, স্থানীয় সরকার, নগর ও অঞ্চল পরিকল্পনা, পরিবেশসহ সংশ্লিষ্ট সব খাতের মধ্যে সমন্বিত উদ্যোগ গড়ে তোলার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে শহর ও প্রত্যন্ত অঞ্চলের সব শিশুর জন্য সহজপ্রাপ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবিও জানিয়েছে।
বিআইপির মতে, সাম্প্রতিক হামের প্রাদুর্ভাব শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে আরও সচেতন হওয়ার একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থা, মানসম্মত চিকিৎসাসেবা এবং নিরাপদ, পরিকল্পিত বসতিপরিবেশ; এই তিনটি বিষয়কে সমন্বিতভাবে বাস্তবায়নের ওপর জোর দিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে আরও বলা হয়, শিশুদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা শুধু স্বাস্থ্যখাতের দায়িত্ব নয়; এটি সমন্বিত নগর, অঞ্চল ও জনস্বাস্থ্য পরিকল্পনার একটি অপরিহার্য অংশ। নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলাই একটি সুস্থ, মানবিক ও টেকসই বাংলাদেশ বিনির্মাণের অন্যতম ভিত্তি।































