হামের ছোবলে দেশে ৭৮০ শিশুর প্রাণহানি
- সর্বশেষ আপডেট ০৭:০৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
- / 36
দেশজুড়ে হামের প্রকোপ যেন থামার নামই নিচ্ছে না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরে হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৭৮০ জনে। শুক্রবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যে শিশুটির মৃত্যু হয়েছে, তার শরীরে হামের উপসর্গ ছিল, তবে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা এ সময়ে পাওয়া যায়নি।
পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৮৫ শিশু। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৫ শিশু। সব মিলিয়ে এ সময়ে ৭৮০ শিশুর মৃত্যু রেকর্ড হয়েছে।
এদিকে সংক্রমণও উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ২৪৪ জন।
শুধু তাই নয়, একই সময়ে ৮৭৩ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ১১ জনে।
হাসপাতালেও বাড়ছে রোগীর চাপ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮ হাজার ৬০০ জন। এর মধ্যে ৯৫ হাজার ৩১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের নির্ধারিত সময়ে হামের টিকা নিশ্চিত করা, জ্বর বা শরীরে র্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং সংক্রমিত শিশুকে অন্যদের থেকে আলাদা রাখার পরামর্শ দিচ্ছেন।






































