হাদি হত্যা নিয়ে যা বললেন বোন মাসুমা

- সর্বশেষ আপডেট ০৩:৩৮:০১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / 155
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত সকল ব্যক্তির বিচার দাবি করেছেন তার বোন মাসুমা হাদি। তিনি বলেছেন, শুধু গ্রেপ্তার হওয়া শুটারকে শাস্তি দিলেই হবে না, বরং এই হত্যার পেছনে যারা পরিকল্পনা করেছে, নির্দেশ দিয়েছে এবং অর্থের জোগান দিয়েছে- তাদেরও আইনের আওতায় আনতে হবে।
সোমবার (৯ মার্চ) সকালে ঝালকাঠির নলছিটি উপজেলার খাসমহল এলাকায় নিজ বাড়িতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মাসুমা হাদি জানান, প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার হওয়ায় তারা কিছুটা আশাবাদী হলেও এতে পুরোপুরি সন্তুষ্ট নন। তার ভাষায়, “ফয়সাল একজন শুটার। তাকে গ্রেপ্তার করা হয়েছে, এটি ইতিবাচক। কিন্তু এই ঘটনার পেছনে কারা ছিল, কে তাকে নির্দেশ দিয়েছে এবং কারা তাকে সহায়তা করেছে- এসবও সামনে আসতে হবে।”
তিনি আরও বলেন, পুরো চক্রকে বিচারের আওতায় আনা না হলে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে না। শুধু ফয়সালকে দোষী সাব্যস্ত করে অন্যদের আড়াল করা হলে তা মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে রোববার (৮ মার্চ) ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে। জানা গেছে, শনিবার রাতে উত্তর চব্বিশ পরগণা জেলার বনগাঁ এলাকা থেকে তাদের আটক করা হয়।
পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গ্রেপ্তার হওয়া দুজনকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে।
উল্লেখ্য, শরীফ ওসমান হাদি গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনি গণসংযোগে গেলে সশস্ত্র হামলার শিকার হন। চলন্ত মোটরসাইকেল থেকে গুলি চালিয়ে তাকে আহত করা হয়। গুরুতর অবস্থায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের প্রথমে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন, পরে এতে হত্যার ধারা যুক্ত করা হয়। তদন্ত শেষে ১৭ জনকে আসামি করে অভিযোগপত্র জমা দেয় গোয়েন্দা পুলিশ। তবে সেই তদন্তে সন্তুষ্ট না হয়ে মামলার বাদী আদালতে নারাজি দিলে মামলাটি নতুন করে তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে।
































