হাতিয়ায় ২৭০০ লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার ১
- সর্বশেষ আপডেট ১২:৫৪:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / 25
নোয়াখালীর হাতিয়ায় ২৭০০ লিটার ডিজেল উদ্ধার এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ওসি মো. কবির হোসেন।
এর আগে শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের কালামচর মুক্তারিয়া এলাকার ঘাটে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার মো. মহিউদ্দিন (৪৫) একই ইউনিয়নের আজিমনগর গ্রামের মজল করিমের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনগত রাত ১টার দিকে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট ও হাতিয়া থানা পুলিশের যৌথ অভিযানে জাহাজমারা ইউনিয়নের কালামচর সুইচ ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ‘মা-বাবার দোয়া বরফ কল’ সংলগ্ন এলাকা থেকে ১৫টি ব্যারেলে সংরক্ষিত ২৭০০ লিটার ডিজেল জব্দ করা হয়।
অভিযানকালে অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, জব্দকৃত ডিজেল পরবর্তীতে জাহাজমারা তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে। এ ঘটনায় হাতিয়া থানায় নিয়মিত মামলা করা হয়েছে এবং গ্রেপ্তার আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
































