হরমুজ মিশনের প্রস্তুতিতে ফরাসি রণতরী
- সর্বশেষ আপডেট ১০:২৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / 16
হরমুজ প্রণালিতে নৌপথ নিরাপত্তা নিশ্চিত করার সম্ভাব্য মিশনকে সামনে রেখে ফ্রান্স তার শক্তিশালী বিমানবাহী রণতরী ‘চার্লস দ্য গল’কে কৌশলগতভাবে এগিয়ে রেখেছে।
ফরাসি প্রেসিডেন্সি ও প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রণতরীটি বর্তমানে সুয়েজ খাল পেরিয়ে দক্ষিণ লোহিত সাগরের দিকে অগ্রসর হচ্ছে। লক্ষ্য হলো—পরিস্থিতি অনুকূলে এলে দ্রুত হরমুজ প্রণালিতে নৌ চলাচল নিরাপদ রাখার উদ্যোগে অংশ নেওয়া।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এই পদক্ষেপকে একটি “বার্তা” হিসেবে উল্লেখ করেছেন, যেখানে বলা হয়েছে—ফ্রান্স কেবল প্রস্তুতই নয়, প্রয়োজন হলে প্রণালী নিরাপদ রাখতে সক্ষমও।
নৌবাহিনীর এই রণতরী ও এর বহর জানুয়ারি থেকে বিভিন্ন অঞ্চলে মোতায়েনের অংশ হিসেবে যাত্রা শুরু করেছিল। পরে মার্চে মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে এটি পুনঃনির্দেশিত হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এই অবস্থান সরাসরি কোনো সামরিক অভিযানের অংশ নয়; বরং এটি সম্ভাব্য সংকট মোকাবিলায় দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা বাড়ানোর কৌশল।
বর্তমানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নেতৃত্বে একাধিক দেশ হরমুজ প্রণালীতে নৌপথ নিরাপত্তা নিয়ে যৌথ পরিকল্পনায় যুক্ত হয়েছে, যেখানে ৪০টির বেশি দেশ অংশ নিচ্ছে বলে জানা গেছে।
রণতরীটিতে প্রায় ২০টি রাফাল যুদ্ধবিমান রয়েছে এবং একাধিক যুদ্ধজাহাজ এটিকে সুরক্ষা দিচ্ছে।



































