স্বেচ্ছাচারী গ্রেফতার রোধে আইন ও জবাবদিহিতার আহ্বান

- সর্বশেষ আপডেট ১০:২৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / 132
ঢাকায় এক আলোচনা সভায় স্বেচ্ছাচারী গ্রেফতার ও আটক নিরসনের জন্য কার্যকর আইন প্রয়োগ এবং সামাজিক জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরা হয়েছে। বক্তারা মনে করেন, শুধু আইনের অস্তিত্বই যথেষ্ট নয়; তার যথাযথ বাস্তবায়ন ও অন্তর্ভুক্তিমূলক সংস্কার দরকার।
দ্য ডেইলি স্টার সেন্টারে ব্লাস্ট-এর আয়োজনে “বাংলাদেশে গ্রেফতার ও আটক: প্রেক্ষাপট ও আইনগত বিশ্লেষণ” শীর্ষক সভায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক, সুপ্রিম কোর্টের আইনজীবী, বিচার বিভাগ সংস্কার কমিশনের সাবেক সদস্য, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল। ভুক্তভোগীদের অভিজ্ঞতাও শোনানো হয়।
ড. নাজমুজ্জামান ভূইঁয়া বলেন, “পুলিশ রিমান্ডে স্বীকারোক্তি প্রাপ্তি প্রায়ই সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। বাস্তবায়নের অভাবের কারণে আইন কাগজেই সীমাবদ্ধ থাকে।” তিনি আরও যোগ করেন, বিচার বিভাগ, পুলিশ বা সরকার কেউই একে অপরের প্রতিপক্ষ নয়; সকলের যৌথ প্রচেষ্টায় মানবাধিকারভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
ড. মুহাম্মদ মাহবুবুর রহমান তাঁর প্রবন্ধে বিনা পরোয়ানায় গ্রেপ্তার ও আটকের সুরক্ষা, অভিযুক্তকে অভিযোগ জানার অধিকার, বিচারিক নিয়ন্ত্রণ, নির্দোষ অনুমানের নীতি এবং ক্ষতিপূরণ সংক্রান্ত আইনের ইতিবাচক ও দুর্বল দিক তুলে ধরেন। তিনি বলেন, আগেভাগেই কাউকে অপরাধী হিসেবে চিহ্নিত করার ‘ট্যাগিং’ সংস্কৃতি বন্ধ করতে হবে।
আলোচনায় বক্তারা উল্লেখ করেন, ফৌজদারী কার্যবিধির সংশোধনীর ফলে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হলেও বাস্তব প্রয়োগ এখনও অপর্যাপ্ত। নিরাপত্তা ও আইন প্রয়োগে আমাদের দেশে অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া জরুরি। প্রযুক্তি ব্যবহার, বডি ক্যামেরা, তথ্য-উপাত্ত সংরক্ষণ, আদালতের আদেশ কার্যকর করা, পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন—এসবই স্বেচ্ছাচারী গ্রেপ্তার রোধের প্রস্তাবনায় উঠে আসে।
ভুক্তভোগীরা জানান, মামলা করার আগে তাদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। রাষ্ট্র ও মানবাধিকার সংগঠন উভয়কে মিলিয়ে পুনর্বাসন ও জবাবদিহিতার ব্যবস্থা নেওয়া জরুরি।
































