স্থানীয় ভোটে ভাঙল ১১ দলের সমীকরণ

- সর্বশেষ আপডেট ১১:১০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / 130
স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। তবে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে মাঠ গোছাতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো।
দীর্ঘ প্রায় এক যুগ পর দলীয় প্রতীক ছাড়া অনুষ্ঠেয় স্থানীয় নির্বাচন ঘিরে ১১ দলীয় ঐক্যের মধ্যেও চলছে নানা হিসাব-নিকাশ। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনেও জোটগতভাবে প্রার্থী দেওয়া ও আসন সমঝোতার পক্ষে ছিল জোটের কয়েকটি দল। তবে জামায়াতে ইসলামীর অনাগ্রহে সেই উদ্যোগ কার্যত ভেস্তে গেছে।
লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, জোটবদ্ধভাবে নির্বাচন করলে যেমন বিভিন্ন দলের সাংগঠনিক সক্ষমতা কাজে লাগানোর সুযোগ রয়েছে, তেমনি পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক দুর্বলতাও প্রকাশ পেতে পারে। এসব বিষয় বিবেচনায় জোটের কয়েকটি দল এখনো ঐক্যবদ্ধভাবে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে রয়েছে।
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দিন আহমেদ বলেন, তার দল ও এনসিপি শুরু থেকেই জোটগতভাবে স্থানীয় নির্বাচনের পক্ষে ছিল। তবে জামায়াতের পক্ষ থেকে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তাদের সঙ্গে এখনো আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি। গণমাধ্যমে জামায়াতের নেতাদের বক্তব্য থেকে তারা জোটগতভাবে নির্বাচনে না যাওয়ার অবস্থান সম্পর্কে জানতে পারছেন।
তবে এখনো জোটের কয়েকটি দল শেষ পর্যন্ত সমঝোতার সম্ভাবনা দেখছে। জালালুদ্দিন আহমেদের আশা, জামায়াতসহ অথবা জামায়াতকে বাদ দিয়ে বাকি দলগুলোর মধ্যে স্থানীয় নির্বাচন নিয়ে শেষ পর্যন্ত একটি সমঝোতা হতে পারে।
তবে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জোটগতভাবে প্রার্থী দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি।
তিনি বলেন, ১১ দলীয় ঐক্যের কোনো বৈঠকেই জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনেও একসঙ্গে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত হয়নি। প্রত্যেক দল নিজস্ব সাংগঠনিক কাঠামো ও প্রার্থী নিয়ে স্বাধীনভাবে স্থানীয় নির্বাচনে অংশ নেবে।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, অতীতে বিভিন্ন সময় জোটবদ্ধভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করলেও স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত বরাবরই নিজস্ব প্রার্থী নিয়ে অংশ নিয়েছে।


































