স্কুলে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ হারালেন শিক্ষক
- সর্বশেষ আপডেট ১২:৫৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / 55
নওগাঁ শহরে সড়ক দুর্ঘটনায় আ ত ম ইউসুফ (৪৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে শহরের দয়ালের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউসুফ নওগাঁ শহরের জগৎসিংহপুর হাজিপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে মোটরসাইকেলে করে কর্মস্থলের উদ্দেশে রওনা দেন ইউসুফ। দয়ালের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে যান।
এ সময় পেছন থেকে আসা একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার সময় দুর্ঘটনায় ওই শিক্ষক নিহত হয়েছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






























