গ্রেপ্তার ও কারাদণ্ড
সাতক্ষীরায় নকল কীটনাশক-সার কারখানার সন্ধান
- সর্বশেষ আপডেট ০২:৪৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / 46
সাতক্ষীরার তালা উপজেলায় অনুমোদনহীনভাবে নকল কীটনাশক ও সার তৈরির অভিযোগে বিসিআইসি ডিলার মশিয়ার রহমানকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) । পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার লাউতাড়া গ্রামে একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সাতক্ষীরা এসআরবি জানায়, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে অনুমোদন ছাড়াই কীটনাশক তৈরি করে বিভিন্ন লেবেল লাগিয়ে বাজারজাত করে আসছিলেন মশিয়ার রহমান। অভিযানে প্রায় ৯০০ লিটার কীটনাশক তৈরির তরল এবং ৮৭০ কেজি নকল কৃষিপণ্য তৈরির উপকরণ, বোতল ও লেবেল উদ্ধার করা হয়েছে।
অভিযান শেষে আটক মশিয়ার রহমানকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। সেখানে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা আদালত পরিচালনা করে তাকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও ১৫ দিন কারাভোগ করতে হবে।






























