সিলেট বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীত করার ঘোষণা জামায়াত আমিরের

- সর্বশেষ আপডেট ০৫:০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 141
সিলেট বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানের বিমানবন্দরে উন্নীত করার ঘোষণা দিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বর্তমান সীমাবদ্ধতার কারণে প্রবাসী ও যাত্রীদের ভোগান্তি বাড়ছে।
শনিবার মৌলভীবাজারের কুলাউড়ায় এক জনসভায় তিনি বলেন, প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলের জন্য আধুনিক আন্তর্জাতিক বিমানবন্দর জরুরি। পশ্চিমা বিশ্বের সঙ্গে যোগাযোগ সহজ করতে এই উন্নয়ন প্রয়োজন।
তিনি বলেন, সুযোগ পেলে সিলেট বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে, যাতে যাত্রীদের আর বিদেশে যাত্রাবিরতির ভোগান্তিতে পড়তে না হয়।
একই সঙ্গে তিনি জানান, প্রবাসে কোনো বাংলাদেশি মারা গেলে তার মরদেহ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় দেশে আনার উদ্যোগ নেওয়া হবে।
ডা. শফিকুর রহমান বলেন, আগামী নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়, এটি একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সুযোগ।
তিনি অভিযোগ করেন, দেশে আইনের শাসন দুর্বল এবং সবাই আইনের চোখে সমান নয়। জামায়াত ক্ষমতায় এলে ইনসাফ ও সুবিচার নিশ্চিত করা হবে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, অতীতে রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা ছিল। তরুণদের আন্দোলনের মাধ্যমেই আজ মত প্রকাশের সুযোগ ফিরে এসেছে।
জনসভায় তিনি কুলাউড়া আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার সায়েদ আলীর পক্ষে সমর্থন চান।































