সাতক্ষীরায় কেমিক্যাল মেশানো ৯ হাজার কেজি আম ধ্বংস
- সর্বশেষ আপডেট ০৪:০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / 111
সাতক্ষীরায় কেমিক্যাল দিয়ে দ্রুত পাকানো এক ট্রাক অপরিপক্ক গোবিন্দভোগ আম জব্দ করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি আটক করা হয়।
ট্রাকচালক আলাউদ্দীন জানান, কালিগঞ্জ উপজেলার জিরোনগাছা এলাকা থেকে ৩৫১ ক্যারেট আম চট্টগ্রামের ফলের আড়তে পাঠানো হচ্ছিল। পথে সেটি পুলিশের নজরে পড়ে।
সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন, কাঁচা আমে রাসায়নিক মিশিয়ে বাজারজাত করার প্রস্তুতির গোপন তথ্যের ভিত্তিতেই অভিযানটি চালানো হয়। ট্রাকটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল বলেও তিনি জানান।
পরে দুপুরে বিনেরপোতা ডাম্পিং এলাকায় জব্দ করা আমগুলো ধ্বংস করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রায় ৯ হাজার কেজি কেমিক্যাল মেশানো আম নষ্ট করা হয়েছে। এ ধরনের অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
জেলা প্রশাসনের ঘোষিত আম ক্যালেন্ডার অনুযায়ী, ৫ মে থেকে গোবিন্দভোগসহ বিভিন্ন দেশি জাতের আম বাজারজাতের অনুমতি রয়েছে। তার আগেই এ ধরনের তৎপরতা প্রশাসনের নজরদারি বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে।






























