সাংবাদিকতায় বাধা দিলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৫:২২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
- / 89
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো অনৈতিক বাধা সৃষ্টি হলে সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে তা মোকাবিলা করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। একইসঙ্গে মিথ্যা অভিযোগে কাউকে হয়রানি না করার নির্দেশনার কথাও তুলে ধরেন তিনি।
সোমবার (১ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এসব কথা বলেন।
আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার প্রসঙ্গ উঠলে তিনি বলেন, প্রাথমিকভাবে যা জানা গেছে তাতে সেখানে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত হয়নি বলেই মনে হচ্ছে। অভিযোগ সত্য হলে বিষয়টি আরও বিস্তারিতভাবে খতিয়ে দেখা হবে। তিনি বলেন, গণমাধ্যমের দায়িত্ব হলো জনগণের সামনে তথ্য স্বচ্ছভাবে তুলে ধরা, আর সেই কাজে সহযোগিতা করা রাষ্ট্র ও সমাজের সবার দায়িত্ব।
মন্ত্রী জানান, সাংবাদিকদের দায়িত্ব পালনে কোনো ধরনের অনৈতিক বাধা সৃষ্টি হলে সরকার কঠোর অবস্থান নেবে। জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠার বিষয়ে প্রধানমন্ত্রী বারবার গুরুত্ব দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর একুশে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস, ঈদুল ফিতর, পহেলা বৈশাখ এবং সাম্প্রতিক ঈদ উদযাপনে দেশজুড়ে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে। উল্লেখযোগ্য কোনো নেতিবাচক ঘটনার খবর সরকার পায়নি।
তিনি আরও জানান, সাংবাদিক নেতা, সম্পাদক ও সংবাদপত্র মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে তারা বলেছেন, বর্তমানে তারা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারছেন এবং সরকারি কোনো চাপের মুখে পড়তে হয়নি।
ফ্যাসিবাদ-উত্তর সময়ে বিভিন্ন মামলা-মোকদ্দমার প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, অনেক অভিযোগ ক্ষোভ ও বিক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেও এসেছে। সরকার প্রতিটি বিষয় যাচাই-বাছাই করছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, সুনির্দিষ্ট অপরাধের প্রমাণ ছাড়া কাউকে মিথ্যা মামলায় হয়রানি করা হবে না। তবে প্রমাণিত অভিযোগের ক্ষেত্রে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।



































