সরকারি দায়িত্ব ফেলে প্রাইভেট চিকিৎসায় ব্যস্ত পরিবার কল্যাণ পরিদর্শিকা
- সর্বশেষ আপডেট ০৫:৫০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 217
নরসিংদীর রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দায়িত্ব পালন না করে পরিবার কল্যাণ পরিদর্শিকা হনুফা বেগম প্রাইভেট চিকিৎসা সেবায় সময় দিচ্ছেন-এমন অভিযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সরকারি অফিস চলাকালীন সময়ে মহেশপুর ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের প্রধান ফটকে তালা ঝুলছে। স্থানীয়দের দাবি, এ সময় তিনি কেন্দ্রের বাইরে ব্যক্তিগতভাবে প্রাইভেট চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন।
এ বিষয়ে প্রতিনিধির পক্ষ থেকে পরিবার কল্যাণ পরিদর্শিকা হনুফা বেগমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি ওই ইউনিয়নেই প্রাইভেট চিকিৎসা সেবায় ব্যস্ত রয়েছেন। তবে কিছু সময় পর আবার ফোন করে জানান, তিনি বর্তমানে কেন্দ্রে অবস্থান করছেন।
পরবর্তীতে কেন্দ্রে উপস্থিত হলে তার কাছে এ বিষয়ে বক্তব্য জানতে চাওয়া হয়। তিনি সরাসরি মন্তব্য করতে অনীহা প্রকাশ করেন এবং বলেন, “আর কয়েক মাস পর আমি অবসরে চলে যাব।” পাশাপাশি তিনি আশ্বাস দেন, বিষয়টি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে জবাবদিহি করবেন।
অন্যদিকে, বিষয়টি জানতে রায়পুরা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিকুনা আক্তারের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাদের দাবি, সরকারি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
































