সন্ধ্যায় ঘোষিত হবে জামায়াতের নির্বাচনি ইশতেহার

- সর্বশেষ আপডেট ০১:৫৮:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 118
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ (বুধবার) নিজেদের নির্বাচনি ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়েছে।
আমন্ত্রণপত্র অনুযায়ী, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আনুষ্ঠানিকভাবে জামায়াতের নির্বাচনি ইশতেহার প্রকাশ করা হবে। অনুষ্ঠানে দলটির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এ ছাড়া অনুষ্ঠানে বিদেশি প্রতিনিধিসহ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও কূটনীতিক, রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, এই ইশতেহারের মাধ্যমে একটি ‘নিরাপদ বাংলাদেশ’ গঠনের লক্ষ্যে তাদের রাজনৈতিক দর্শন, ভবিষ্যৎ পরিকল্পনা ও অঙ্গীকার জাতির সামনে তুলে ধরা হবে। বিশেষ করে গণতন্ত্র, সুশাসন, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা এবং জনকল্যাণভিত্তিক শাসন কাঠামো প্রতিষ্ঠার বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করা হবে।
এছাড়াও দেশের বর্তমান প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সামনে রেখেই এবারের ইশতেহার সাজানো হয়েছে, যেখানে জনতার ইশতেহার নামে অ্যাপভিত্তিক প্রচারণাও চালানো হয়েছিল। সেখানে আসা ৩৭ লাখের বেশি পরামর্শের প্রতিফলন থাকবে ইশতেহারে।































