সন্ত্রাসী দমন ও অস্ত্র উদ্ধারে জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান :প্রেস সচিব

- সর্বশেষ আপডেট ০৬:৪৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / 128
চট্টগ্রামের দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরে গতকালের সন্ত্রাসী হামলার পর সরকারের পক্ষ থেকে ব্যাপক যৌথ অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এই কম্বাইন্ড অপারেশনের লক্ষ্য সন্ত্রাসী তৎপরতা দমন ও লুট হওয়া অস্ত্র উদ্ধার করা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জঙ্গল সলিমপুরে সম্প্রতি সংঘটিত ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হামলার মুখে পড়েছেন। এই এলাকায় জঘন্য ধরনের সন্ত্রাসী কার্যকলাপের নিন্দা জানিয়ে তিনি বলেন, “সব বাহিনী একত্রিত হয়ে কম্বাইন্ড অপারেশন চালানো হবে। যারা এ ঘটনায় জড়িত, ক্ষমতাবান হলেও গ্রেফতার করা হবে।”
প্রেস সচিব আরও জানান, লুট করা অস্ত্র উদ্ধারের বিষয়েও যৌথ অভিযানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তিনি আশ্বস্ত করেন যে, এই ঘটনা বাহিনীর মনোবলের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে না, বরং তাদের রিজলভকে আরও শক্তিশালী করবে।
গতকাল সোমবার (১৯ জানুয়ারি) সীতাকুণ্ড উপজেলার দুর্গম জঙ্গল সলিমপুরে র্যাব সদস্যরা অভিযানে গিয়ে এক সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেফতার করে ফেরার পথে হামলার মুখে পড়েন। হামলায় র্যাব কর্মকর্তা মো. মোতালেব নিহত হন।
দুর্গম পাহাড়ি হওয়ায় জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে পাহাড়খেকো, ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। এখানকার বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী দীর্ঘদিন ধরে সংঘর্ষ, খুনোখুনি ও তৎপরতা চালিয়ে আসছে।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, “এই যৌথ অভিযানকে দ্রুত এবং কার্যকরভাবে বাস্তবায়ন করা হবে, যাতে এলাকার সাধারণ মানুষ নিরাপদে জীবনযাপন করতে পারে এবং সন্ত্রাসীদের ছদ্মবেশ উন্মোচিত হয়।”
































