সড়কে চাঁদাবাজি ঠেকাবে নতুন কমিটি: রিজভী

- সর্বশেষ আপডেট ০১:২৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / 127
সড়কে আইনবহির্ভূত কর্মকাণ্ড ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সদ্য গঠিত সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি কাজ করবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। পরিবহন খাত ঘিরে দীর্ঘদিনের মাফিয়াবৃত্তির অবসানেও এই কমিটি ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বিএনপি নেতা নাজিম উদ্দীনের নেতৃত্বাধীন নতুন কমিটির সদস্যদের নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন রিজভী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, নতুন নতুন ধারণা ও উদ্যোগের মাধ্যমে পরিবহন খাতকে ঢেলে সাজানো হবে। দীর্ঘদিনের অচলাবস্থা দূর করে এ খাতকে আইনসঙ্গত কাঠামোর মধ্যে আনা এবং যাত্রীসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক বিশৃঙ্খলা ঠেকাতে রাজনীতিবিদদের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। রাজনীতিবিদরা দায়িত্ব পেলে গত ১৭ বছরের নৈরাজ্যের অবসান ঘটানো সম্ভব হবে।

































