সঠিক মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার: প্রধানমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৪:৪২:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
- / 25
জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকার প্রকৃত ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধাদের তালিকা প্রস্তুত করে প্রকাশের উদ্যোগ নিয়েছে। বিশেষজ্ঞদের সহায়তায় নিরপেক্ষভাবে এই তালিকা তৈরির কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রশ্নে আনোয়ারুল ইসলাম বলেন, বিভিন্ন সময়ে রাজনৈতিক বিবেচনায় মুক্তিযোদ্ধার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। সরকার পরিবর্তনের পর আবার সেই তালিকায় কাটাছেঁড়া হয়েছে। স্বাধীনতার ৫৫ বছর পরও প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা না থাকার বিষয়টি তুলে ধরে তিনি জানতে চান, বর্তমান সরকার এ বিষয়ে কোনো উদ্যোগ নেবে কি না।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি সরকারের বিশেষ দায়িত্ব রয়েছে। স্বাধীনতার পর যাদের ওপর একটি সঠিক ও নিরপেক্ষ তালিকা তৈরির দায়িত্ব ছিল, তারা তা করতে পারেননি। পরবর্তী সময়ে তালিকা প্রণয়নে নানা জটিলতা তৈরি হয়েছে।
তিনি বলেন, বর্তমানে সরকার বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে একটি পূর্ণাঙ্গ, সঠিক ও নিরপেক্ষ মুক্তিযোদ্ধা তালিকা তৈরির চেষ্টা করছে, যাতে প্রকৃত মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি নিশ্চিত করা যায়।




































